চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ কেজি ১৬০ গ্রাম গলিত সোনা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে বিমানবন্দরের কাস্টমস হলে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সকালে দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছান শহীদুল আলম চৌধুরী। ব্যাগেজ সংগ্রহের পর তিনি কাস্টমসের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন।
এ সময় গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্ব পালনরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা তাঁকে নজরদারিতে রাখেন। পরে তল্লাশি চালিয়ে তাঁর অন্তর্বাস ও কোমরের বেল্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা গলিত সোনা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
প্রাথমিক যাচাইয়ে উদ্ধার হওয়া সোনার মোট ওজন ২ কেজি ১৬০ গ্রাম বলে নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, আন্তর্জাতিক রুট ব্যবহার করে সোনা চোরাচালানের নানা কৌশল দীর্ঘদিন ধরেই নজরদারির আওতায় রয়েছে। সেই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চালানটি জব্দ করা সম্ভব হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। আটক যাত্রীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার ও সোনা চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি এবং তল্লাশি কার্যক্রম ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

