দেশের সেবা খাতে দুর্নীতির চিত্র নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’-এর ফলাফলে দেখা গেছে, বিভাগভিত্তিক বিশ্লেষণে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হচ্ছেন ময়মনসিংহ বিভাগের মানুষ। অন্যদিকে, সেবা পেতে সবচেয়ে বেশি ঘুষ দিতে বাধ্য হচ্ছেন খুলনা বিভাগের নাগরিকেরা।
টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয়ভাবে ৮১ দশমিক ৬ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন। একই সঙ্গে ৬৩ দশমিক ৬ শতাংশ মানুষ বিভিন্ন ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে ঘুষ দিতে বাধ্য হয়েছেন।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ময়মনসিংহে সবচেয়ে বেশি ৮৮ দশমিক ৯ শতাংশ পরিবার দুর্নীতির শিকার হয়েছে। এ বিভাগে ঘুষ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ৬৬ দশমিক ৬ শতাংশ মানুষের।
খুলনা বিভাগে দুর্নীতির হার ৮৮ শতাংশ হলেও ঘুষ দেওয়ার হার দেশের মধ্যে সর্বোচ্চ ৭৩ দশমিক ৬ শতাংশ।
এ ছাড়া বরিশালে দুর্নীতির শিকার ৮৭ দশমিক ৬ শতাংশ এবং ঘুষের শিকার ৬৯ দশমিক ১ শতাংশ মানুষ। রংপুরে এ হার যথাক্রমে ৮৫ দশমিক ৭ শতাংশ ও ৬২ দশমিক ৮ শতাংশ।
ঢাকা বিভাগে দুর্নীতির শিকার হয়েছেন ৮০ দশমিক ১ শতাংশ মানুষ এবং ঘুষ দিতে হয়েছে ৬৩ দশমিক ৯ শতাংশ সেবাগ্রহীতাকে।
চট্টগ্রামে দুর্নীতির হার ৭৯ দশমিক ৪ শতাংশ এবং ঘুষের হার ৫৯ দশমিক ৪ শতাংশ। সিলেটে দুর্নীতির শিকার ৭৯ দশমিক ৩ শতাংশ এবং ঘুষের শিকার ৫৮ দশমিক ৯ শতাংশ মানুষ।
তুলনামূলকভাবে রাজশাহী বিভাগে দুর্নীতির হার সবচেয়ে কম হলেও সেখানেও ৭২ দশমিক ৯ শতাংশ পরিবার দুর্নীতির শিকার হয়েছে এবং ৫৮ দশমিক ৮ শতাংশ মানুষ ঘুষ দিতে বাধ্য হয়েছেন।
সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, জরিপের ফলাফল থেকে স্পষ্ট যে দেশের তৃণমূল পর্যায়ে এখনো সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ পরিস্থিতি মোকাবিলায় কঠোর আইন প্রয়োগ, কার্যকর জবাবদিহি এবং সেবা খাতে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

