একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিউ যমুনা ব্রিজে যান এক প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে প্রেমিকা সিদ্ধান্ত বদলে সেতু ছেড়ে চলে যান, আর নদীতে ঝাঁপ দেন যুবক। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের তৎপরতায় তাকে জীবিত উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, যুগলটি আগে থেকেই আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেতুতে কিছুক্ষণ কথা বলার পর আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন। তবে তার সঙ্গে থাকা তরুণী নদীতে ঝাঁপ না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিছু সময়ের চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে নিরাপদ ও সুস্থ আছেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে, যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: ইন্ডিয়া টুডে

