Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্গানিক পণ্যের নামে প্রতারণা ঠেকাবে কে?
    অপরাধ

    অর্গানিক পণ্যের নামে প্রতারণা ঠেকাবে কে?

    নিউজ ডেস্কUpdated:জুলাই 18, 2026জুলাই 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই চোখে পড়ে এমন অসংখ্য বিজ্ঞাপন। কোথাও মধু সংগ্রহের দৃশ্য, কোথাও সবুজ মাঠ বা খামারের ছবি। সঙ্গে দাবি—‘শতভাগ অর্গানিক’, ‘কেমিক্যালমুক্ত’, ‘নিজস্ব খামার থেকে সরাসরি’। এসব পোস্টের নিচে জমে শত শত অর্ডার, আর ক্রেতাদের বিশ্বাস যেন দিন দিন আরও বাড়ছে।

    এই ক্রেতাদের অনেকেই বিশেষ কারণে অর্গানিক পণ্য বেছে নেন। কেউ পরিবারের অসুস্থ সদস্যের জন্য নিরাপদ খাবার খুঁজছেন। কেউ শিশুর প্রথম খাবার হিসেবে ভেজালমুক্ত চাল কিনতে চান। আবার কেউ দীর্ঘমেয়াদি রোগের কারণে স্বাস্থ্যকর খাদ্যের আশায় বাজারদরের চেয়ে অনেক বেশি দাম দিতেও রাজি।

    বাংলাদেশের বাজারে অর্গানিক নামে বিক্রি হওয়া পণ্যের দামও সাধারণ পণ্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যেমন, ৫০০ গ্রাম অর্গানিক ঘির দাম প্রায় ৭৫০ টাকা, এক লিটার অর্গানিক দুধ প্রায় ৯০ টাকা। আরও অনেক পণ্যের ক্ষেত্রেই সাধারণ বাজারমূল্যের তুলনায় প্রায় দ্বিগুণ দাম নেওয়া হচ্ছে। তবু স্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের প্রত্যাশায় ক্রেতারা সেই অতিরিক্ত অর্থ ব্যয় করছেন কিন্তু এখানেই উঠে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—পণ্যের গায়ে লেখা ‘অর্গানিক’ দাবিটি আসলে কে যাচাই করে?

    বাস্তবতা হলো, বাংলাদেশে বর্তমানে এমন কোনো কার্যকর সরকারি যাচাই বা বাধ্যতামূলক সনদব্যবস্থা নেই, যা নিশ্চিত করে কোনো খাদ্যপণ্য সত্যিই অর্গানিক কি না। অর্থাৎ, কোনো পণ্যে ‘অর্গানিক’ লেখা থাকলেই সেটি বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত বা অনুমোদিত—এমন নিশ্চয়তা ভোক্তার হাতে নেই।

    এর অর্থ হলো, কোনো বিক্রেতা চাইলে সাধারণ কৃষিপণ্য বা খাদ্যপণ্য ‘অর্গানিক’ পরিচয়ে বাজারজাত করতে পারেন, যদি না অন্য কোনো আইন ভঙ্গের প্রমাণ পাওয়া যায়। এই দাবির সত্যতা যাচাইয়ের জন্য নিয়মিত সরকারি পরীক্ষা, বাধ্যতামূলক ল্যাব সনদ বা নির্দিষ্ট পরিদর্শনব্যবস্থা এখনো গড়ে ওঠেনি।

    ফলে ভোক্তারা মূলত বিক্রেতার প্রচার, ব্র্যান্ডের পরিচিতি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নিচ্ছেন। অথচ স্বাস্থ্যসচেতন মানুষের ক্রমবর্ধমান এই বাজারে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল একটি স্বচ্ছ, নির্ভরযোগ্য ও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যাচাই ব্যবস্থা। নিরাপদ খাদ্যের প্রতি মানুষের আগ্রহ যেমন বাড়ছে, তেমনি ‘অর্গানিক’ শব্দটির ব্যবহারও দ্রুত বিস্তৃত হচ্ছে। তবে সেই দাবির পেছনে যদি কার্যকর তদারকি ও সনদব্যবস্থা না থাকে, তাহলে ভোক্তার আস্থা যেমন প্রশ্নের মুখে পড়বে, তেমনি প্রকৃত অর্গানিক উৎপাদকরাও ন্যায্য মূল্যায়ন থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকবেন।

    অর্গানিকের দাবি, কিন্তু সনদ কোথায়? বাস্তবতা যা বলছে:

    ‘অর্গানিক’ শব্দটি শুধু একটি বিপণন কৌশল নয়, বিশ্বের অনেক দেশে এটি একটি আইনি স্বীকৃত পরিচয়। কোনো খাদ্যপণ্যকে অর্গানিক হিসেবে বাজারজাত করতে হলে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হয় এবং সেই দাবির পক্ষে সনদও থাকতে হয়।

    উদাহরণ হিসেবে ভারতে, কোনো কৃষক অর্গানিক পণ্যের স্বীকৃতি পেতে চাইলে অনুমোদিত সংস্থা তার জমি, মাটি, সেচের পানি, বীজ ও উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করে। কয়েক বছর ধরে নিয়মিত মূল্যায়নের পর প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সনদ দেওয়া হয়। পরবর্তীতেও নিয়মিত পরিদর্শন চলতে থাকে। শর্ত ভঙ্গের প্রমাণ মিললে সেই সনদ বাতিল হতে পারে এবং আইনি ব্যবস্থাও নেওয়া হয়। চীন, থাইল্যান্ডসহ আরও অনেক দেশ একই ধরনের ব্যবস্থা অনুসরণ করে। ভুটানও জাতীয় পর্যায়ে এমন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

    বাংলাদেশেও ২০১৬ সালে জাতীয় জৈব কৃষি নীতি প্রণয়ন করা হয়। সেখানে অর্গানিক পণ্যের জন্য একটি স্বীকৃত সনদ প্রদানকারী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনার কথা উল্লেখ ছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিষ্ঠান এখনো গড়ে ওঠেনি।

    আন্তর্জাতিক জৈব কৃষি আন্দোলনের সংগঠন আইএফওএএম (IFOAM)-এর এশিয়া অঞ্চলের নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরাও উল্লেখ করেছেন, বাংলাদেশের জৈব কৃষি নীতির বাস্তবায়ন এখনো সম্পূর্ণ হয়নি। একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন তথ্যভান্ডারেও বাংলাদেশের অর্গানিক আইন ও সনদব্যবস্থাকে অসম্পূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

    দেশীয় গবেষকরাও বলছেন, দেশে এখনো অর্গানিক খাদ্যের স্পষ্ট ও কার্যকর আইনি সংজ্ঞা এবং বাধ্যতামূলক সনদব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে বাজারে কোনো পণ্যের গায়ে ‘অর্গানিক’ লেখা থাকলেই সেটি রাষ্ট্রীয়ভাবে যাচাইকৃত—এমন নিশ্চয়তা নেই। বাস্তবে এই শব্দটি অনেক ক্ষেত্রেই বিপণনের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

    উৎপাদনের বাস্তবতা কী বলছে?

    বাংলাদেশে জৈব কৃষি একেবারেই নেই—এমন নয়। তবে এর পরিসর এখনো খুবই সীমিত। উপলব্ধ তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১২ হাজার কৃষক জৈব পদ্ধতিতে চাষাবাদ করেন এবং এর আওতায় রয়েছে প্রায় ৭ হাজার হেক্টর জমি। দেশের মোট কৃষিজমির তুলনায় এটি প্রায় ০.১৯ শতাংশের মতো, অর্থাৎ সামগ্রিক কৃষি উৎপাদনের খুবই ছোট একটি অংশ।

    অন্যদিকে রাজধানীর সুপারশপ থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম—সবখানেই অর্গানিক চাল, ডাল, তেল, মসলা, মধু, ঘি, ডিম, মুরগি ও সবজিসহ নানা পণ্যের সহজলভ্যতা দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য বিক্রেতা নিয়মিত এসব পণ্য সরবরাহের দাবি করছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে—দেশে সীমিত জৈব উৎপাদনের বিপরীতে বাজারে এত বিপুল পরিমাণ অর্গানিক পণ্য কীভাবে সরবরাহ হচ্ছে? কার্যকর সনদ ও ট্রেসেবিলিটি ব্যবস্থা না থাকায় এই প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর ভোক্তাদের কাছে নেই।

    বিশেষজ্ঞদের মতে, শুধু নিজের জমিতে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করলেই কোনো জমি অর্গানিক হয়ে যায় না। পাশের জমি থেকে বাতাসে ভেসে আসা রাসায়নিক, সেচের পানির মান, আশপাশের পরিবেশ—সবকিছুই বিবেচনায় নিতে হয়।

    বাংলাদেশের বাস্তবতায় এটি আরও কঠিন। কৃষি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, দেশে বিক্রি হওয়া কীটনাশকের একটি উল্লেখযোগ্য অংশ মানসম্মত নয় বা ভেজাল। এতে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় অনেক কৃষক অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করেন।

    জরিপগুলোতে আরও দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক কৃষক সুপারিশকৃত মাত্রার চেয়ে বেশি কীটনাশক প্রয়োগ করেন এবং নিরাপদ ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকের সংখ্যাও তুলনামূলকভাবে কম। এ কারণেই কৃষি বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, বর্তমান বাস্তবতায় অনেক ক্ষেত্রেই ‘সম্পূর্ণ অর্গানিক’ বলার চেয়ে ‘তুলনামূলক নিরাপদ’ উৎপাদন বলা বেশি বাস্তবসম্মত। তবে বাজারে পণ্যের মোড়কে এমন সতর্ক ভাষা খুব কমই দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই বড় অক্ষরে লেখা থাকে—‘শতভাগ অর্গানিক’।

    দ্বিগুণ দাম দিলেই কি বাড়তি স্বাস্থ্যসুরক্ষা মেলে?

    এবার ধরা যাক, আপনি যে পণ্যটি কিনেছেন সেটি সত্যিই অর্গানিক। অর্থাৎ উৎপাদনের পুরো প্রক্রিয়াই নির্ধারিত মানদণ্ড মেনে হয়েছে। তাহলে প্রশ্ন হলো—সাধারণ পণ্যের তুলনায় বেশি দাম দিয়ে আপনি কী অতিরিক্ত সুবিধা পাচ্ছেন?

    এই প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বের বিভিন্ন দেশে বহু গবেষণা হয়েছে। এর মধ্যে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি বহুল আলোচিত বিশ্লেষণ উল্লেখযোগ্য। তারা কয়েক দশকে প্রকাশিত হাজারো গবেষণা পর্যালোচনা করে কঠোর মানদণ্ডে ২৩৭টি গবেষণা বিশ্লেষণ করেন। সেখানে ফল, সবজি, শস্য, দুধ, ডিম ও মাংসসহ বিভিন্ন খাদ্যপণ্যের পুষ্টিমান তুলনা করা হয়।

    গবেষণার ফলাফলে দেখা যায়, অর্গানিক ও প্রচলিত পদ্ধতিতে উৎপাদিত খাদ্যের মধ্যে ভিটামিন, খনিজ উপাদান কিংবা প্রোটিনের ক্ষেত্রে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য কোনো পার্থক্য পাওয়া যায়নি। কিছু ক্ষেত্রে অর্গানিক খাদ্যে ফসফরাসের পরিমাণ তুলনামূলক বেশি ছিল। তবে গবেষকরা নিজেরাই উল্লেখ করেছেন, মানুষের মধ্যে ফসফরাসের ঘাটতি সাধারণত খুবই বিরল। তাই এই পার্থক্যের বাস্তব স্বাস্থ্যগত গুরুত্ব সীমিত।

    অনেক ভোক্তার যুক্তি, তাঁরা পুষ্টির জন্য নয়, বরং কীটনাশকের ঝুঁকি কমাতে অর্গানিক পণ্য বেছে নেন। এই যুক্তিরও বৈজ্ঞানিক ভিত্তি আছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। অর্গানিক কৃষি মানেই কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা যাবে না—এমন ধারণা সঠিক নয়। অর্গানিক উৎপাদনে অনেক কৃত্রিম রাসায়নিক নিষিদ্ধ হলেও নির্দিষ্ট কিছু প্রাকৃতিক উৎসের কীটনাশক এবং কিছু সীমিত সিন্থেটিক উপাদান ব্যবহারের অনুমতি রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্গানিক মানদণ্ডেও এমন কিছু অনুমোদিত উপাদানের তালিকা রয়েছে।

    এর মধ্যে বহুল ব্যবহৃত একটি পদার্থ হলো কপার সালফেট। আঙুর, আলু, টমেটো ও আপেলের মতো বিভিন্ন ফসলে ছত্রাক দমনে এটি ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ও দীর্ঘমেয়াদি ব্যবহারে কপার সালফেট মাটিতে জমা হতে পারে, উপকারী অণুজীবের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জলজ প্রাণীর জন্যও ক্ষতিকর হতে পারে। এ কারণে এর ব্যবহার নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে অর্থাৎ, অর্গানিক মানেই সম্পূর্ণ কীটনাশকমুক্ত—এমন ধারণা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। বরং কোন ধরনের কীটনাশক ব্যবহার করা যাবে এবং কীভাবে ব্যবহার করা হবে, সেটিই মূল পার্থক্য।

    স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একই বিশ্লেষণে আরও দেখা যায়, প্রচলিত কৃষিপণ্যের তুলনায় অর্গানিক খাদ্যে কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়ার সম্ভাবনা কম। পরিসংখ্যান অনুযায়ী, সাধারণভাবে উৎপাদিত ফল ও সবজির প্রায় প্রতি তিনটির একটিতে কীটনাশকের অবশিষ্টাংশ শনাক্ত হয়েছে, যেখানে অর্গানিক পণ্যের ক্ষেত্রে এই হার ছিল প্রায় প্রতি ১৪টির একটিতে। অর্থাৎ, অর্গানিক পণ্যে ঝুঁকি কম হতে পারে, তবে সেটি শূন্য নয়।

    তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতাও রয়েছে। এই গবেষণাগুলোর বেশিরভাগই এমন দেশগুলোর তথ্যের ওপর ভিত্তি করে করা, যেখানে অর্গানিক উৎপাদন ও সনদ প্রদানের কঠোর সরকারি ব্যবস্থা কার্যকর রয়েছে। বাংলাদেশের মতো দেশে, যেখানে এখনো পূর্ণাঙ্গ ও বাধ্যতামূলক অর্গানিক সনদব্যবস্থা গড়ে ওঠেনি, সেখানে বাজারে বিক্রি হওয়া অর্গানিক দাবির পণ্যে কীটনাশকের প্রকৃত অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য জাতীয় তথ্য এখনো পর্যাপ্ত নয়।

    সনদ থাকলেই কি প্রতারণা বন্ধ হয়?

    অনেকে মনে করতে পারেন, উন্নত দেশগুলোতে যেহেতু অর্গানিক পণ্যের সনদ ও তদারকির ব্যবস্থা রয়েছে, তাই সেখানে প্রতারণার সুযোগ নেই। বাস্তবতা অবশ্য ভিন্ন কথা বলে।

    যুক্তরাষ্ট্রে কৃষক র্যান্ডি কনস্ট্যান্ট (Randy Constant) বছরের পর বছর সাধারণ ভুট্টা ও সয়াবিনকে অর্গানিক হিসেবে বিক্রি করেছিলেন। তদন্তে উঠে আসে, এই জালিয়াতির আর্থিক পরিমাণ ছিল প্রায় ২৫ কোটি মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় যা হাজার কোটি টাকারও বেশি। পরে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।

    ইউরোপেও একই ধরনের ঘটনা ঘটেছে। ইতালির আইনশৃঙ্খলা বাহিনী এমন একটি চক্রের সন্ধান পায়, যারা নিম্নমানের ও খাদ্য হিসেবে অনুপযুক্ত আপেল ব্যবহার করে জুস ও জ্যাম তৈরি করে সেগুলো অর্গানিক লেবেলে বাজারজাত করছিল। আরেক ঘটনায় ইতালি থেকে জার্মানির বাজারে বিপুল পরিমাণ ভুয়া অর্গানিক শস্য প্রবেশের তথ্যও প্রকাশ্যে আসে। সেই শস্য বিভিন্ন খাদ্যপণ্য, এমনকি শিশুদের খাবার তৈরিতেও ব্যবহৃত হয়েছিল।

    এমনকি যুক্তরাষ্ট্রের অর্গানিক শস্য ব্যবসায়ীদের সংগঠনের নেতারাও প্রকাশ্যে স্বীকার করেছেন, এই খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো জালিয়াতি এবং ভুয়া সনদের অপব্যবহার।

    কেন অর্গানিক বাজারে প্রতারণার ঝুঁকি বেশি?

    অর্থনীতিবিদরা অর্গানিক খাদ্যকে অনেক সময় “ক্রেডেন্স গুড” (Credence Good) বা বিশ্বাসনির্ভর পণ্য হিসেবে বর্ণনা করেন। কারণ, একটি আম খেয়ে যেমন তার স্বাদ বোঝা যায়, কিন্তু চাল, ডাল বা মধু সত্যিই অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত কি না, তা সাধারণ ভোক্তার পক্ষে দেখে, গন্ধ শুঁকে বা স্বাদ নিয়ে বোঝা সম্ভব নয়। এ কারণে পুরো ব্যবস্থাটি নির্ভর করে সনদ, ট্রেসেবিলিটি এবং কার্যকর তদারকির ওপর।

    তবু যেসব দেশে শক্তিশালী আইন, নিয়মিত পরিদর্শন, পরীক্ষাগার ও শাস্তির ব্যবস্থা রয়েছে, সেখানেও প্রতারণার ঘটনা ঘটছে। ফলে সহজেই বোঝা যায়, যেখানে এসব ব্যবস্থাই এখনো পূর্ণাঙ্গভাবে গড়ে ওঠেনি, সেখানে ভোক্তার জন্য ঝুঁকি আরও বেশি হতে পারে।

    বাংলাদেশের প্রেক্ষাপটে তাই সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন, আকর্ষণীয় প্যাকেজিং বা আবেগঘন প্রচারণা কোনো পণ্যকে স্বয়ংক্রিয়ভাবে অর্গানিক প্রমাণ করে না। নির্ভরযোগ্য যাচাইয়ের অভাব থাকলে ভোক্তাকে মূলত বিক্রেতার দাবির ওপরই আস্থা রাখতে হয়।

    এই আলোচনার অর্থ এই নয় যে দেশে প্রকৃত জৈব কৃষি নেই। বরং সীমিত পরিসরে অনেক কৃষক ও কয়েকটি সংগঠন দীর্ঘদিন ধরে রাসায়নিকের ব্যবহার কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক ক্ষেত্রেই তারা সীমিত সহায়তা নিয়েই এই উদ্যোগ ধরে রেখেছেন।

    সমস্যা হলো, কার্যকর সনদব্যবস্থা না থাকায় প্রকৃত উৎপাদক ও কেবল বিপণনের জন্য ‘অর্গানিক’ শব্দ ব্যবহারকারী—উভয়ের পণ্য একই বাজারে একই পরিচয়ে বিক্রি হচ্ছে। এতে সৎ উৎপাদকরা তাদের অতিরিক্ত শ্রম ও ব্যয়ের ন্যায্য মূল্য পান না, আর ভোক্তার পক্ষেও প্রকৃত অর্গানিক পণ্য চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে।

    একই সঙ্গে এটিও সত্য যে দেশের সাধারণ বাজারে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার নিয়ে বিভিন্ন সময়ে গবেষণায় উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। বিভিন্ন অঞ্চলের বাজার থেকে সংগ্রহ করা সবজি ও ফলের নমুনায় অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়ার ঘটনাও একাধিক গবেষণায় উল্লেখ করা হয়েছে। ফলে নিরাপদ খাদ্যের খোঁজে মানুষের অর্গানিক পণ্যের প্রতি আগ্রহ অযৌক্তিক নয়। তবে সেই চাহিদার সঙ্গে যদি শক্তিশালী যাচাই ও সনদব্যবস্থা যুক্ত না হয়, তাহলে ভোক্তার আস্থা এবং বাজার—দুটিই প্রশ্নের মুখে থেকে যায়।

    ভয়ের বাজার নাকি আস্থার বাজার?

    বাংলাদেশে অর্গানিক পণ্যের বাজার দ্রুত বাড়ছে। তবে এই প্রবৃদ্ধির পেছনে শুধু স্বাস্থ্যসচেতনতা নয়, নিরাপদ খাদ্য নিয়ে মানুষের দীর্ঘদিনের উদ্বেগও বড় ভূমিকা রাখছে। ফল, সবজি ও অন্যান্য খাদ্যে ভেজাল কিংবা অতিরিক্ত কীটনাশকের খবর মানুষের মধ্যে এমন এক অনিশ্চয়তা তৈরি করেছে, যেখানে অনেকেই বেশি দাম দিয়েও বিকল্প খুঁজছেন। প্রশ্ন হলো, একজন ভোক্তা কেন সাধারণ বাজারের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি দাম দিয়ে একটি পণ্য কিনতে রাজি হন?

    মূল কারণ নিরাপত্তার প্রত্যাশা কিন্তু সেই নিরাপত্তার দাবির পক্ষে যদি নির্ভরযোগ্য ও বাধ্যতামূলক যাচাই ব্যবস্থা না থাকে, তাহলে ভোক্তার অতিরিক্ত ব্যয় কতটা যৌক্তিক—সেই প্রশ্ন থেকেই যায়।

    বাস্তবতা হলো, নিরাপদ খাদ্য নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। একই সঙ্গে কোনো পণ্যকে ‘অর্গানিক’ হিসেবে বাজারজাত করা হলে সেই দাবির সত্যতা যাচাইয়ের জন্যও একটি কার্যকর সনদ ও তদারকি ব্যবস্থা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে জাতীয় জৈব কৃষি নীতিতে এমন ব্যবস্থার কথা থাকলেও এখনো পূর্ণাঙ্গ কাঠামো গড়ে ওঠেনি।

    ফলে একদিকে সাধারণ বাজারে নিরাপদ খাদ্য নিয়ে মানুষের উদ্বেগ রয়ে গেছে, অন্যদিকে অর্গানিক নামে বিক্রি হওয়া পণ্যের দাবিও অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনভাবে যাচাই করার সুযোগ নেই। এই অবস্থায় ভোক্তা অনেক সময় পণ্যের গুণগত মানের চেয়ে বিক্রেতার প্রচার, ব্র্যান্ডের পরিচিতি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের দাবির ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নেন।

    তাহলে করণীয় কী?

    বিশেষজ্ঞদের মতে, সমাধান কেবল আরও বেশি দামের পণ্য কেনায় নয়; বরং পুরো খাদ্যব্যবস্থার মানোন্নয়নে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ হতে পারে—

    • বাজারে বিক্রি হওয়া খাদ্যপণ্যে নিয়মিত কীটনাশক ও ভেজাল পরীক্ষার ব্যবস্থা জোরদার করা।
    • ভেজাল ও নিম্নমানের কৃষি উপকরণের অবৈধ বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া।
    • জাতীয় জৈব কৃষি নীতির আলোকে অর্গানিক পণ্যের জন্য স্বীকৃত সনদ প্রদানকারী প্রতিষ্ঠান গঠন করা।
    • সনদ ছাড়া কোনো পণ্যে ‘অর্গানিক’ দাবি ব্যবহার না করার বাধ্যবাধকতা নিশ্চিত করা।
    • উৎপাদন থেকে বাজার পর্যন্ত ট্রেসেবিলিটি ও তদারকির ব্যবস্থা চালু করা, যাতে প্রকৃত জৈব উৎপাদক এবং ভোক্তা—উভয়েই সুরক্ষা পান।

    স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্যের চাহিদা অস্বাভাবিক নয়; বরং এটি প্রতিটি ভোক্তার ন্যায্য অধিকার। তবে সেই অধিকার নিশ্চিত করতে শুধু আকর্ষণীয় লেবেল বা বিপণন নয়, প্রয়োজন স্বচ্ছ নীতি, কার্যকর আইন, বৈজ্ঞানিক পরীক্ষা এবং বিশ্বাসযোগ্য সনদব্যবস্থা।

    যতদিন না এমন একটি কাঠামো বাস্তবায়িত হচ্ছে, ততদিন বাজারে ‘অর্গানিক’ লেখা কোনো পণ্য দেখলেই সেটিকে যাচাইকৃত বা নিশ্চিতভাবে নিরাপদ ধরে নেওয়ার সুযোগ নেই। ভোক্তার আস্থা তখনও মূলত একটি শব্দের ওপর নির্ভর করবে, প্রমাণিত একটি ব্যবস্থার ওপর নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    কিশোরদের যৌন অপরাধে জড়িয়ে পড়ার নেপথ্যে কী কারণ?

    জুলাই 18, 2026
    অপরাধ

    দুই বছরে নিরাপত্তা হেফাজতে ২৫৭ মৃত্যু, উদ্বেগ মানবাধিকার সংস্থার

    জুলাই 18, 2026
    অপরাধ

    বরিশালে নিষিদ্ধ চায়না জালের দখলে নদী-খাল, হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব

    জুলাই 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.