অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানে অবস্থিত প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের আগের নির্দেশনা অনুযায়ী যৌথ টাস্কফোর্সের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি বুঝে নেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স গুলশান-২ এলাকার সংশ্লিষ্ট ভবনে অভিযান পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খুলে আনুষ্ঠানিকভাবে ক্রোকের কার্যক্রম সম্পন্ন করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, ফ্ল্যাট দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। কমিশনের তদন্তে এগুলোকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের অবৈধভাবে অর্জিত সম্পদের অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। এর আগে, গত বছরের ডিসেম্বর মাসে আদালত সাইফুজ্জামান জাবেদের নামে থাকা বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদের পাশাপাশি এই দুটি ফ্ল্যাটও জব্দের নির্দেশ দেন।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, ফ্ল্যাট দুটি থেকে মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য সম্পদ আগেই সরিয়ে নেওয়া হয়েছে। তাই ক্রোক কার্যক্রমের সময় সেখানে উল্লেখযোগ্য মূল্যবান সামগ্রী পাওয়া যায়নি।
দুদক জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা সম্পদের নিরাপত্তা ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে চলমান অনুসন্ধান ও সম্পদ-সংক্রান্ত তদন্ত কার্যক্রমও অব্যাহত রয়েছে।

