নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইসমাইল হোসেনকে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে হাসপাতালসংলগ্ন তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কিশোরগঞ্জের ভৈরব থেকে এক ব্যক্তি ইয়াবা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় রায়পুরার দিকে আসছেন। খবর পাওয়ার পর তুলাতুলি মোড়ে অবস্থান নিয়ে ওই পথে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাগুলোতে তল্লাশি শুরু করে পুলিশ।
একপর্যায়ে একটি অটোরিকশার একমাত্র যাত্রী হিসেবে থাকা ইসমাইল হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
রায়পুরা থানার উপপরিদর্শক শফিউল্লাহ শিকদার জানান, আটকের সময় ইসমাইল হোসেন নিজের পরিচয় গোপন রাখেন এবং চিকিৎসক হিসেবে পরিচয় না দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। থানায় নিয়ে যাওয়ার পর তিনি নিজেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। খবর পেয়ে তাঁর স্ত্রী ও কয়েকজন সহকর্মী থানায় যান।
পুলিশের ভাষ্য, ইসমাইল হোসেন প্রায় তিন বছর আগে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। গত প্রায় নয় মাস ধরে তিনি আবাসিক চিকিৎসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর স্ত্রীও একই হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাঁর স্ত্রী পুলিশকে জানিয়েছেন, মাদকাসক্তির কারণে তাঁদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। গত কয়েক বছরে একাধিকবার তাঁকে পুনর্বাসনকেন্দ্রে পাঠানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
পুলিশ আরও দাবি করেছে, তিনি শুধু নিয়মিত ইয়াবা সেবনই করতেন না, মাদক বিক্রির সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিষয়টি হাসপাতালসংশ্লিষ্ট অনেক ব্যক্তি, পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের কাছেও পরিচিত ছিল বলে জানিয়েছে পুলিশ। তবে এসব অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ওই চিকিৎসকের বিরুদ্ধে শুক্রবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার তাঁকে নরসিংদীর আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

