বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে শহর থেকে নিজ বাড়ির উদ্দেশে ফেরার পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের খবর ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আরেফিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

