বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সরকারি ওষুধ এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৫ জুলাই) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় বাথরুমে সরকারি ওষুধ পড়ে থাকতে দেখে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের দরিদ্র মানুষ যেখানে প্রয়োজনীয় ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন, সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। সরকারি ওষুধের এমন অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময়ে স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি ও অর্থ অপচয়ের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার চিকিৎসাসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন ত্রুটি ও অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পরে জেলা সিভিল সার্জন, উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় তিনি পাশের একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, জনগণের কাছে আরও উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ প্রকল্পের দরপত্র প্রক্রিয়া শুরু হবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

