যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৬৮০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম সুমন মণ্ডল (৪০)।
রোববার (২৬ জুলাই) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবির একটি বিশেষ টহল দল। বিকেলে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক সুমন মণ্ডল নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া বাজার এলাকার প্রাণনাথ মণ্ডলের ছেলে।
বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন সুমন মণ্ডলকে আটক করা হয়।
পরে তার শরীর তল্লাশি করে চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৬৮০ গ্রাম। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি ঘড়ি এবং নগদ ৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন মণ্ডল জানিয়েছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

