রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন পাগলা ঢাকার লালবাগ থানাধীন বুড়িগঙ্গা নদীর লোহার ব্রিজ-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮ লাখ টাকা।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারীদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

