আকস্মিক পরিদর্শনে বিভিন্ন অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অফিসে পরিচালিত আকস্মিক পরিদর্শনে দায়িত্ব পালনে বিভিন্ন ধরনের অনিয়ম ও অসঙ্গতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিম।
সকালে জেলা প্রশাসক কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে অফিসের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সেবা নিতে আসা সাধারণ মানুষ এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। সেবা কার্যক্রম ও নথিপত্র পর্যালোচনার সময় বিভিন্ন অনিয়মের প্রাথমিক আলামত পাওয়া গেলে চারজনের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। তদন্তে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কাশিমপুর ভূমি অফিসে অভিযান শেষে জেলা প্রশাসক একই দিন শফীপুর ভূমি অফিসেও আকস্মিক পরিদর্শনে যান। প্রশাসনের দাবি, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

