কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলমান দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ঘিরে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ছিল। মাঠের পরিবেশ খেলার উপযোগী নয় বলেও অভিযোগ উঠছিল বিভিন্ন মহল থেকে। রোববার হঠাৎ করেই স্টেডিয়ামটি পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, আর সরেজমিনে গিয়েই তিনি সেসব অভিযোগের সত্যতা নিজ চোখে দেখতে পান।
পরিদর্শন শেষে দায়িত্বে অবহেলার কারণে স্টেডিয়ামের প্রশাসক শফি কামাল স্বপ্নিলকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
জানা যায়, মাস কয়েক আগেই স্টেডিয়ামের উত্তর পাশের বৈদ্যুতিক মেরামত, বর্জ্য অপসারণ এবং সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিতে প্রশাসককে নির্দিষ্ট কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এত সময় পার হয়ে গেলেও সেসব কাজের কোনো অগ্রগতি হয়নি। রোববারের পরিদর্শনে এই ব্যর্থতা প্রত্যক্ষ করার পরই কঠোর এই সিদ্ধান্তে যান মন্ত্রী।
স্টেডিয়ামে শৃঙ্খলা ফেরাতে আরও একটি কঠোর সিদ্ধান্ত নেন প্রতিমন্ত্রী—স্টেডিয়াম চত্বরে থাকা সব দোকানের বরাদ্দ সঙ্গে সঙ্গে বাতিল করে দেন তিনি। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দোকান ভাড়া থেকে আয়ের প্রয়োজন তার নেই।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে শিগগিরই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া দোকানের জায়গায় ভবিষ্যতে প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের বিভিন্ন ক্লাবকে অফিস হিসেবে বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথাও জানা গেছে, যাতে ক্লাবগুলো তাদের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারে।

