রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের একটি ডাস্টবিন থেকে সদ্যোজাত এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালের জরুরি বিভাগের ঠিক বিপরীত পাশে অবস্থিত এই ডাস্টবিন থেকে রোববার দুপুর সোয়া ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার একজন উপপরিদর্শক গণমাধ্যমকে জানান, ময়লা ফেলতে গিয়ে হাসপাতালের একজন কর্মী প্রথমে নবজাতকটিকে দেখতে পান। এরপরই তিনি বিষয়টি থানায় জানান। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্লাস্টিকের একটি ব্যাগের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটি মৃত অবস্থাতেই সেখানে ফেলে যাওয়া হয়েছিল। ঘটনার প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

