নারী ও মদসহ আটক শেরপুর জেলা পাসপোর্ট অফিসের এক সহকারী পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. নূরুল হাফিজ।
তিনি জানান, অভিযুক্ত কর্মকর্তাকে ইতোমধ্যে অফিসের সব ধরনের কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এবং অধিদপ্তরের নিজস্ব তদন্ত কার্যক্রমও শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে। শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের ভবনের তৃতীয় তলায় অবস্থিত সহকারী পরিচালকের বাসভবন থেকে ওই কর্মকর্তা ও এক নারীকে হেফাজতে নেয় পুলিশ। এ সময় স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ওই বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরবর্তীতে তাদের সেখানে অবস্থান করতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই হেফাজতে নেয়।
এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, রাতে পাসপোর্ট অফিস চত্বরের ভেতরে থাকা কর্মকর্তার বাসভবন থেকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে এবং পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

