দালালের দৌরাত্ম্য বন্ধ ও সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত রাখতে রাজধানীর উত্তরায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কার্যালয় চত্বর থেকে মোট সাতজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করার পর বিচারক তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. শাহীন (৬০), সামির চৌধুরী (৩২) ও মো. আমিরুল হক (৪৬)। বাকি চারজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান জানান, দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কাগজপত্র ও টাকা নিয়ে সটকে পড়ার মতো একাধিক অভিযোগ তাদের কাছে জমা পড়েছিল, যার ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। তিনি জানান, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং বিআরটিএ কার্যালয়কে সম্পূর্ণভাবে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

