রাজধানীর উত্তরা এলাকায় পেট্রোল পাম্পের টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গত ৯ আগস্ট ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় পেট্রোল পাম্পের কর্মীদের কাছ থেকে অস্ত্রের মুখে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
শনিবার (১৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে সাগর বাড়ৈর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
পুলিশের ভাষ্য, সাগর বাড়ৈ বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত একটি আন্তঃজেলা চক্রের সক্রিয় সদস্য। তাঁর দেওয়া তথ্যের মধ্যে অসংলগ্নতা পাওয়া গেছে। এমনকি তাঁর নাম-ঠিকানা নিয়েও সন্দেহ রয়েছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার, লুণ্ঠিত টাকা উদ্ধার এবং ঘটনার পুরো রহস্য উদ্ঘাটনের জন্য সাগরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর জানান, শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাঁর বিরুদ্ধে একই ধরনের আরও নয়টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
যেভাবে ছিনতাই হয়
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ আগস্ট সকালে ডিএল ফিলিং স্টেশনের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, সিএনজি চালক সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যানচালক মো. খোরশেদকে সঙ্গে নিয়ে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের গাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা ৬ থেকে ৭ জন ব্যক্তি গাড়িটির গতিরোধ করে। এরপর একজন আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
ব্যাগটিতে ছিল ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা।
অভিযোগে বলা হয়েছে, টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে মামলা করেন ডিএল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আব্দুল করিম। মামলায় মৃত্যু বা গুরুতর আঘাতের চেষ্টা এবং ডাকাতির অভিযোগ আনা হয়েছে।
পেট্রোল পাম্পের মালিক
ডিএল ফিলিং স্টেশনের মালিক তাসীন আক্তার হক। তাঁর মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। সে হিসেবে তাসীন আক্তার হক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই।
ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার সাগর বাড়ৈকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ বাকি জড়িত ব্যক্তিদের শনাক্ত, লুণ্ঠিত টাকা উদ্ধার এবং ছিনতাইয়ের পরিকল্পনা ও বাস্তবায়নের বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা করছে।

