শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের মামলায় যুক্তরাষ্ট্রের সরকারকে ৪০ কোটি ডলার দিতে রাজি হয়েছে সামাজিক মাধ্যম টিকটক। শিশুদের অনলাইন গোপনীয়তা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘনের ঘটনায় এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক নিষ্পত্তিগুলোর একটি। ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে মার্কিন বিচার বিভাগ টিকটক এবং এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। অভিযোগ ছিল, ১৩ বছরের কম বয়সী লাখ লাখ শিশুর কাছ থেকে টিকটক বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে।
মার্কিন আইনে ১৩ বছরের কম বয়সি শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি নেওয়া বাধ্যতামূলক। ‘চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট’ (সিওপিপিএ) নামে পরিচিত এই আইনটি ২০০০ সালে প্রণয়ন করা হয়। মামলায় আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্রে ১৭ কোটির বেশি তরুণ ব্যবহারকারী থাকার পরও টিকটক তাদের বয়স সঠিকভাবে যাচাই করেনি এবং অভিভাবকদের অনুমতি ছাড়াই শিশুদের তথ্য সংগ্রহ করেছে।
সমঝোতার শর্ত অনুযায়ী টিকটক ও বাইটড্যান্সকে এই অর্থ দুই ধাপে পরিশোধ করতে হবে। প্রথম ধাপে মার্কিন বিচার বিভাগকে অবিলম্বে ৩০ কোটি ডলার দিতে হবে। দ্বিতীয় ধাপে ২০১৯ সালে ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে টিকটকের পূর্বসূরি অ্যাপ ‘মিউজিক্যালি’-র একটি পুরোনো চুক্তি বাতিল করা হলে দেওয়া হবে বাকি ১০ কোটি ডলার।
মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট বলেছেন, ‘মামলাটি যখন শুরু হয়েছিল, তার চেয়ে আজকের দিনে শিশু ও তাদের অভিভাবকরা অনেক বেশি সুরক্ষিত।’ অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড বলেছেন, ‘বিভাগের অগ্রাধিকার হচ্ছে নিশ্চিত করা যে শিশুরা অনলাইনে সুরক্ষিত এবং তাদের ব্যক্তিগত তথ্যের দায়িত্বপ্রাপ্ত কোম্পানিগুলো তাদের আইনি বাধ্যবাধকতা পূরণ করে।’
এর আগে শিশুদের গোপনীয়তা-সংক্রান্ত একই আইনের লঙ্ঘনের অভিযোগে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানকেও বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছে। গুগলের ইউটিউব ২০১৯ সালে ১৭ কোটি ডলার এবং ভিডিও গেম নির্মাতা এপিক গেমস ২০২২ সালে ২৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিয়েছিল। অন্যদিকে একই আইনের আওতায় মেটার (ফেসবুক ও ইনস্টাগ্রাম) বিরুদ্ধেও ২৯টি মার্কিন অঙ্গরাজ্য মামলা করেছে। তাদের অভিযোগ, মেটা শিশুদের লক্ষ্য করে ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে ব্যবসায়িকভাবে লাভবান হয়েছে।
মামলাটি দায়েরের পর থেকে টিকটকের মালিকানা, ব্যবস্থাপনা, সম্মতি কার্যক্রম এবং গোপনীয়তা অনুশীলনে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ এসেছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। ২০২৪ সালের একটি আইনের আওতায় বাইটড্যান্স টিকটকের মার্কিন অংশ থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে বাধ্য হয়। বর্তমানে টিকটকের মার্কিন কার্যক্রম একটি যৌথ উদ্যোগ দ্বারা পরিচালিত হচ্ছে, যা মূলত মার্কিন বিনিয়োগকারীদের মালিকানাধীন।

