চট্টগ্রামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে চালানো অভিযানে উঠে এসেছে ভয়াবহ অস্বাস্থ্যকর চিত্র। চিপস, নুডলস ও ম্যাংগো বারের কাঁচামালে তেলাপোকা ও অন্যান্য পোকামাকড়ের উপস্থিতি, তৈলাক্ত ও ভাঙা মেঝে এবং খাদ্য প্রক্রিয়াকরণে পোড়া তেলের ব্যবহারের প্রমাণ পাওয়ার পর ‘মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেড’ নামের প্রতিষ্ঠানটিকে দশ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফরহান ইসলাম। এর আগে চট্টগ্রাম মহানগরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে এই অভিযান পরিচালিত হয়।
নিরাপদ খাদ্য কর্মকর্তা জানান, অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের চিপস, নুডলস ও ম্যাংগো বারের গুণগত মান যথাযথভাবে নিশ্চিত না করেই এসব পণ্য বাজারজাতের উদ্দেশ্যে প্রস্তুত ও সংরক্ষণ করছিল। কারখানার একাধিক স্থানে তেলাপোকার অবাধ বিচরণ চোখে পড়ে অভিযান পরিচালনাকারী দলের।
আরও উদ্বেগজনক তথ্য হলো, ম্যাংগো বার তৈরিতে ব্যবহৃত পাল্পের ড্রামের ভেতরেও বিভিন্ন ধরনের পোকামাকড় পাওয়া গেছে। কারখানার মেঝে একাধিক জায়গায় ভাঙা ও তৈলাক্ত অবস্থায় ছিল, আর রান্নার চুলাও নিয়মিত পরিষ্কার করা হচ্ছিল না। এমন অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি হচ্ছিল নিমকি ও চিপসের মতো খাদ্যপণ্য।
পরিদর্শনে আরও উঠে আসে, প্রতিষ্ঠানটি বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ না করেই খাদ্য প্রক্রিয়াকরণে পোড়া তেল ব্যবহার করছিল। এ ছাড়া মেয়াদ উল্লেখ ছাড়াই পটেটো স্টিকস সংরক্ষণ করা হচ্ছিল, আর ব্যবহৃত তেল ও ম্যাংগো পাল্পের ক্ষেত্রেও মেয়াদ সংক্রান্ত তথ্য সঠিকভাবে উল্লেখ ছিল না বলে জানান তিনি।
এসব অনিয়মের জন্য নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারার অধীন দণ্ডতফসিলের ২৬ ও ৩৩ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে দশ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এই অর্থ পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ডের বিকল্প শাস্তির নির্দেশও দিয়েছেন আদালত।
পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ছয়ই সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে সশরীরে আদালতে হাজির হয়ে তাদের সব খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ-সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

