ঢাকা ক্লাবের সফটওয়্যারে অননুমোদিত প্রবেশ করে প্রায় সাড়ে চার হাজার সদস্যের ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়া এবং সফটওয়্যার অচল করে অর্থ দাবির অভিযোগে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আরআইটিবিডির প্রধান নির্বাহী কর্মকর্তা রনি সিকদারকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের উপ-পরিদর্শক মোহসীন সরকার রনি সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ঢাকা ক্লাবের সফটওয়্যার ব্যবস্থাপনা ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে সদস্যদের ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্যের গোপনীয়তা ঝুঁকির মধ্যে ফেলা হয়। একই সঙ্গে সফটওয়্যারটি অচল করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৪ সাল থেকে ঢাকা ক্লাবের সফটওয়্যারের বিভিন্ন কারিগরি সমস্যা সমাধানে আরআইটিবিডির সহায়তা নেওয়া হতো। তবে প্রতিষ্ঠানটির সঙ্গে ক্লাবের কোনো লিখিত চুক্তি বা রক্ষণাবেক্ষণ চুক্তি ছিল না। অভিযোগ রয়েছে, এই সুযোগে রনি সিকদার ধীরে ধীরে সফটওয়্যারে দূরবর্তী প্রবেশাধিকার, মূল প্রোগ্রাম ও প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজের হাতে নেন।
এরপর ক্লাব কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত অর্থ দাবি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ২০২৫ সালের ১১ অক্টোবর অফিসিয়াল প্যাড ও ই-মেইলের মাধ্যমে ১১ লাখ ৭ হাজার ৩৬ টাকা দাবি করা হয়। ওই অর্থের পক্ষে প্রয়োজনীয় বিল বা নথি চাওয়া হলে তা দিতে অস্বীকৃতি জানানো হয় বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, দাবিকৃত অর্থ পরিশোধ না করায় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ঢাকা ক্লাবের সফটওয়্যার ব্যবস্থার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে রনি সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সফটওয়্যারটি হ্যাক হওয়ার কথা জানান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এরপর ২০ মে ও ১ জুনও একই ধরনের ঘটনা ঘটে বলে অভিযোগ। সর্বশেষ ৬ জুন সফটওয়্যারটির বড় একটি অংশ অকার্যকর হয়ে পড়লে ক্লাবের বিলিং, কেনাকাটা, হিসাবরক্ষণ এবং সদস্যদের তথ্য ব্যবস্থাপনার কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পরে ৮ জুন ঢাকা ক্লাবের নিজস্ব তথ্যপ্রযুক্তি দল সফটওয়্যারটি পুনরুদ্ধার করে। কারিগরি পর্যালোচনায় সিস্টেমে অননুমোদিত প্রবেশ এবং গুরুত্বপূর্ণ তথ্যভান্ডারের কিছু তথ্য মুছে ফেলার প্রমাণ পাওয়া যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে সফটওয়্যার পুনরুদ্ধারের পরও পরিস্থিতির অবসান হয়নি বলে দাবি করেছে ক্লাব কর্তৃপক্ষ। মামলায় বলা হয়েছে, গত ৩ আগস্ট বাইরে থেকে ঢাকা ক্লাবের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় বেআইনিভাবে প্রবেশ করে সেটি আবার অকার্যকর করার চেষ্টা করা হয়।
এতে ক্লাবের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তার পাশাপাশি সদস্যদের ব্যক্তিগত ও আর্থিক তথ্যও ঝুঁকির মুখে পড়ে বলে অভিযোগ করা হয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে ঢাকা ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সেক্রেটারি লে. কর্নেল (অব.) সাব্বির আহমেদ রমনা মডেল থানায় দণ্ডবিধি ও সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ।
মামলায় গত ২৩ আগস্ট রনি সিকদারকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। সোমবার শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

