Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এআই দিয়ে এক বছর ধরে ভুয়া খবর ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি: অ্যানথ্রপিক
    অপরাধ

    এআই দিয়ে এক বছর ধরে ভুয়া খবর ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি: অ্যানথ্রপিক

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারে বাংলাদেশে এক বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক অপপ্রচার চালানোর একটি বড় নেটওয়ার্ক উন্মোচিত হয়েছে। মার্কিন এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, গাইবান্ধা জেলার একজন ব্যক্তি একাই এআই চ্যাটবট ‘ক্লড’ ব্যবহার করে এক হাজার ৫০০টিরও বেশি ভুয়া বাংলা খবরের শিরোনাম, ৩০০টি সম্পূর্ণ কাল্পনিক সংবাদ এবং ১,৫০০টি ছবি তৈরির প্রম্পট তৈরি করেছেন। ‘জিটিজি-৫৪০০৬’ সংকেতে চিহ্নিত এই নেটওয়ার্কটি আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাত এবং দলটির রাজনৈতিক প্রতিপক্ষ, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক কমিটির (বর্তমানে জাতীয় নাগরিক পার্টি) বিরুদ্ধে আক্রমণাত্মক কনটেন্ট ছড়াত।

    অ্যানথ্রপিক গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত ‘ডিটেক্টিং অ্যান্ড কাউন্টারিং মিসইউজ অব এআই: সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক ১৫৪ পৃষ্ঠার প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করে। ওই পুরো সময়টিতে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় এই অপপ্রচারটি ‘একটি বিরোধী দলের রাজনৈতিক স্বার্থে’ পরিচালিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আওয়ামী লীগ এই নেটওয়ার্ক পরিচালনা বা অর্থায়ন করেছে—এমন কোনো প্রমাণ মেলেনি। একইসঙ্গে, এসব খবরের একটি অংশ ভারতের ভূ-রাজনৈতিক স্বার্থের অনুকূলেও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৫৪ পৃষ্ঠার পুরো প্রতিবেদনে ভারতের বিষয়ে সরাসরি উল্লেখ করা হয়েছে মাত্র একটি বাক্যে, যেখানে বলা হয়  ‘নেটওয়ার্কের তৈরি কিছু কনটেন্ট ভারতের ভূ-রাজনৈতিক স্বার্থের অনুকূলে ছিল।’

    অপপ্রচারের কৌশলটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং স্বয়ংক্রিয়। অ্যানথ্রপিকের তদন্তে জানা গেছে, প্ল্যাটফর্মের নজরদারি ও বিধিনিষেধ এড়াতে ওই পরিচালক গত ১৬ মাসে ক্লডের ২৯টি অ্যাকাউন্ট পালাক্রমে ব্যবহার করেন। তিনি ‘ফেক নিউজ ৩.পাই’  নামক একটি পাইথন স্ক্রিপ্টের সাহায্যে এক ক্লিকেই ১৫টি ভুয়া খবরের শিরোনাম, তিনটি বিভ্রান্তিকর অনুচ্ছেদ এবং ১৫টি ইমেজ প্রম্পট তৈরি করতেন। যেহেতু ক্লড সরাসরি ছবি তৈরি করতে পারে না, তাই ওই প্রম্পটগুলো সম্ভবত অন্য এআই সিস্টেমে পাঠিয়ে ছবি তৈরি করা হতো। এরপর এসব কনটেন্ট ফেসবুক লাইভ, ইউটিউব ও টিকটকের মাধ্যমে ছড়ানো হতো। মূল লক্ষ্য ছিল গ্রামীণ ও কম শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া। ব্যবহারকারীর আসল অবস্থান গোপন রাখতে একটি থার্ড-পার্টি ভিপিএন বা প্রক্সি ব্যবহার করা হতো এবং একটি মাস আগেই ইউটিউবে ভিডিওগুলো শিডিউল করে রাখা হতো।

    সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অপপ্রচারকারী নিজেই জানতেন যে তথ্যগুলো ভুয়া। অ্যানথ্রপিকের তদন্তে তার নিজস্ব নোটে লেখা পাওয়া গেছে ‘কেউ জানে না খবরটি ভুয়া।’ তিনি আরও লিখেছেন, কনটেন্টগুলো যেন ‘গ্রামের মানুষও বোঝে’ এমন সহজ ভাষায় লেখা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এসব কনটেন্ট ছিল ‘গরম ও আক্রমণাত্মক’ ধরনের। প্রচারিত ভুয়া কনটেন্টগুলোতে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক কমিটিকে ‘তালেবান ধাঁচের শাসন’ প্রতিষ্ঠার পরিকল্পনাকারী হিসেবে চিত্রায়িত করা হতো। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে উপস্থাপন, তাদের ওপর হত্যাচেষ্টার মনগড়া গল্প এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে গোপন আঁতাতের মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হতো।

    অ্যানথ্রপিক এই ঘটনাটিকে তাদের ব্রেকআউট স্কেলে ‘ক্যাটাগরি থ্রি’ হিসেবে চিহ্নিত করেছে, যার অর্থ হলো, ভুয়া তথ্যগুলো একাধিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন অনলাইন কমিউনিটিতে পৌঁছেছে। তবে প্রতিষ্ঠানটি সবকটি পাবলিশিং অ্যাকাউন্ট শনাক্ত করতে পারেনি এবং তাদের নিজস্ব গণ্ডির বাইরে এসব খবর কতটা ছড়িয়েছে তার প্রমাণ মেলেনি। অ্যানথ্রপিক জানিয়েছে, তারা নিজস্ব তদন্তে নেটওয়ার্কটি শনাক্ত করার পর যুক্ত থাকা অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করেছে, নেটওয়ার্কের আচরণগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শনাক্তকরণ ব্যবস্থা তৈরি করেছে এবং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে এসব তথ্য জানিয়ে সতর্ক করেছে।

    বাংলাদেশের এই ঘটনাটি অ্যানথ্রপিকের সামগ্রিক প্রতিবেদনের একটি অংশ মাত্র। প্রতিবেদনে অপব্যবহারের সাতটি ক্ষেত্র তুলে ধরা হয়েছে: সাইবার হামলা, অপপ্রচার ও প্রভাব বিস্তার, নজরদারি, অস্ত্র উন্নয়ন, জৈব অপব্যবহার, স্ক্যাম বা জালিয়াতি এবং এআই মডেল চুরি। অন্যান্য কেসের মধ্যে ছিল, রাশিয়ার সাইবার গোয়েন্দা তৎপরতা, ইরানি নজরদারি সরঞ্জাম, ব্যবহারকারীদের প্রতারিত করতে তৈরি ভুয়া ডেটিং অ্যাপ এবং ভিন্নমতাবলম্বীদের ট্র্যাকিংয়ের সরঞ্জাম। অ্যানথ্রপিক ভুয়া খবরের ঘটনাগুলোকে তাদের এ যাবতকালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ‘নিখুঁত আক্রমণ চালানোর জন্য এখন আর জটিল বা দক্ষ হামলাকারীর প্রয়োজন নেই।’ এআই প্রযুক্তির কারণে বড় বাজেটের সরকারি কার্যক্রম এবং সাধারণ একজন ব্যক্তির সামর্থ্যের মধ্যকার ব্যবধান কমে এসেছে। ফলে আগে যা করার জন্য একটি পুরো দল লাগত, এখন এক ব্যক্তির পক্ষেই সেই প্রচার চালানো সম্ভব।

    এই ঘটনা বাংলাদেশের জন্য একাধিক কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, এটি প্রমাণ করে যে এআই প্রযুক্তি এখন রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার হয়ে উঠেছে, যেখানে একজন সাধারণ ব্যক্তির পক্ষেও হাজারো ভুয়া খবর তৈরি করা সম্ভব। দ্বিতীয়ত, এই অপপ্রচার গ্রামীণ ও কম শিক্ষিত জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু বানিয়েছে, যারা ভুয়া খবর যাচাই করার সুযোগ কম পায়। তৃতীয়ত, আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলেও তাদের পক্ষে অপপ্রচার চালানো হয়েছে, যা ইঙ্গিত দেয় যে রাজনৈতিক সংঘাতে সাইবার অপপ্রচার এখন একটি স্থায়ী অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। অ্যানথ্রপিক প্রতিবেদনে হুঁশিয়ারি দিয়েছে, ‘এআই ডেভেলপার এবং সমাজের সুরক্ষাকারীরা ব্যবস্থা না নিলে এআই যত বেশি শক্তিশালী হবে, এই ঝুঁকিগুলো তত বাড়বে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ১৫ বছরে পাচার ২৮ লাখ কোটি টাকা, অর্থ ফেরাতে তৎপর সরকার: রাষ্ট্রপতি

    নভেম্বর 28, 2026
    অপরাধ

    মোরগ পোলাওয়ের ফাঁদে অচেতন প্রহরী, ধানমন্ডিতে সোনার দোকান সাফ

    নভেম্বর 28, 2026
    অপরাধ

    চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির দায়ে অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.