মাদক পরীক্ষায় পজিটিভ ফল আসার পর পুলিশ সদর দপ্তরের একজন পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রশিক্ষণ কোর্স চলাকালে চিকিৎসাগত পরীক্ষার অংশ হিসেবে করা তার ডোপটেস্টে বেনজোডায়াজেপিনস এবং অ্যামফিটামিন-মেথঅ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিবের সইয়ে সোমবার এই বরখাস্তের আদেশ জারি করা হয়, যদিও প্রজ্ঞাপনটি স্বাক্ষরিত হয়েছিল গত ১০ সেপ্টেম্বর। আদেশে বলা হয়েছে, বর্তমানে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা ওই পুলিশ কর্মকর্তা চলতি বছরের জানুয়ারির শুরুতে মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত একটি সামরিক প্রশিক্ষণ কোর্সে (ডিএসসিএসসি-২০২৬) অংশ নিতে পুলিশ সদর দপ্তর থেকে প্রস্থান করেছিলেন।
আদেশে আরও উল্লেখ করা হয়, কোর্স চলাকালে জুন মাসের শুরুর দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন, এরপর তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে করা প্রয়োজনীয় পরীক্ষার অংশ হিসেবেই তার প্রস্রাব পরীক্ষায় ওই দুটি নিষিদ্ধ উপাদানের উপস্থিতি ধরা পড়ে।
সরকারি আদেশে বলা হয়েছে, এই ধরনের পরীক্ষার ফল সামরিক প্রশিক্ষণ কোর্সের শৃঙ্খলাবিধির সরাসরি পরিপন্থী এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী এটি অসদাচরণের শাস্তিযোগ্য পর্যায়ে পড়ে। এই কারণ দর্শিয়ে সংশ্লিষ্ন বিধিমালার নির্দিষ্ট ধারা অনুযায়ী গত ৩১ আগস্ট থেকেই তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে জানানো হয়।
আদেশ অনুযায়ী, সাময়িক বরখাস্তের এই সময়কালে তিনি সরকারি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থ বিবেচনায় জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

