জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
আসামি খোকন ও রাজিব বৃহস্পতিবার ঢাকার পৃথক দুটি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার দুই আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাঁরা স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হলে তদন্ত কর্মকর্তা ডিবির মোহাম্মদ সাইফুল ইসলাম জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।
যেভাবে মৃত্যু হয়
নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের চিকিৎসকের কাছে যাওয়ার জন্য তিনি স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে অটোরিকশায় করে ঢাকায় যাচ্ছিলেন।
ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটের কাছে পৌঁছালে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তাঁর হাতের ব্যাগ ধরে টান দেয়।
টানে চলন্ত অটোরিকশা থেকে রাস্তায় পড়ে যান রনজিলা। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।
স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রনজিলার স্বামী মো. আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

