লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ঢাকার ধামরাইয়ে অবস্থিত জিনলিয়ান ইলেকট্রনিকস টেকনোলজি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের কারখানায় অভিযান চালিয়ে এসব অনিয়মের সন্ধান পাওয়া যায়।
জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালায় রাজস্ব বোর্ডের একটি দল। অভিযানে সেখানে তৈরি করা ব্যাটারি, ব্যাটারি উৎপাদনের বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি পাওয়া যায়।
এ ছাড়া কারখানাটিতে বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন ধরনের মুঠোফোনের চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন এবং বেতার হেডফোন সরবরাহের জন্য প্রস্তুত অবস্থায় পাওয়া যায়।
অভিযানের সময় প্রাথমিকভাবে ভ্যাট-সংক্রান্ত অনিয়মের তথ্য পাওয়ার পর প্রতিষ্ঠানের বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। পরে ভ্যাটের নির্ধারিত নথি অনুযায়ী এসব কাগজপত্র পরীক্ষা করে বড় ধরনের গোপন লেনদেনের তথ্য বেরিয়ে আসে।
রাজস্ব বোর্ডের পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ টাকার পণ্য বিক্রির তথ্য গোপন করেছে। এর মাধ্যমে ১ কোটি ৯০ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বলে শনাক্ত করা হয়।
একইভাবে, প্রতিষ্ঠানটি ১৫ কোটি ২২ লাখ টাকার পণ্য ও কাঁচামাল কেনার তথ্যও গোপন করেছে। এতে আরও ১ কোটি ৩৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে।
সব মিলিয়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে মোট ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকা ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
ফাঁকি দেওয়া সরকারি রাজস্ব আদায়ে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজস্ব বোর্ড।

