নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে অন্তত ২৫ যাত্রীর টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। যাত্রীদের অভিযোগ, পাঁচজনের একটি ডাকাতদল বাসে উঠে চালকের বুকে ধারালো অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে এসব মালামাল লুট করে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার হয়েছে জামালপুর থেকে নারায়ণগঞ্জগামী সিফাত পরিবহনের একটি বাস।
যাত্রীরা জানান, রাত ১০টার দিকে জামালপুর থেকে ঢাকা মেট্রো-ব-১৩-২৪৪৪ নম্বরের বাসটি প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে সাইনবোর্ড এলাকায় কয়েকজন যাত্রী নেমে যান। এরপর রাত ৩টার দিকে বাসটি ভুইগড় এলাকায় পৌঁছায়।
সেখানে যাত্রী নামানোর সময় ধারালো অস্ত্র হাতে পাঁচজন জোর করে বাসে ওঠে। তখন বাসে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। ডাকাতেরা চালকের বুকে বড় একটি ছুরি ধরে যাত্রীদের ভয় দেখায়। এরপর একে একে সবার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুট করে বাস থেকে নেমে পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
সিফাত পরিবহনের নারায়ণগঞ্জ কোর্ট এলাকার টিকিট কাউন্টারকর্মী বিপ্লব জানান, রাত সাড়ে ৩টার দিকে ডাকাতেরা নেমে যাওয়ার পর চালক যাত্রীদের নিয়ে কোর্ট এলাকার কাউন্টারের সামনে আসেন। তখন যাত্রীরা তাঁদের টাকা ও মোবাইল লুটের কথা জানান।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, যেখানে বাসের পথ আটকানো হয়েছিল, তার আশপাশেই পুলিশ ছিল। কেউ চিৎকার করলে পুলিশ এগিয়ে যেত। অপরাধীরা পালিয়ে যাওয়ার পর বাসচালক ও যাত্রীরা পুলিশকে বিষয়টি জানান। যাত্রীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, দেশি ধারালো অস্ত্রের মুখে টাকা ও মোবাইল নিয়ে যাওয়া হয়েছে।
এসআই মিলন ফকির আরও বলেন, যাত্রীরা অতিরিক্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাঁরা প্রতিরোধ করলে ঘটনাটি এড়ানো যেত। তাঁর ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তদের মধ্যে মাত্র দুজন বাসের ভেতরে উঠেছিল এবং একজন নিচে ছিল।

