রাজধানীর কামরাঙ্গীরচর, ডেমরা ও বংশাল এলাকায় আলাদা তিনটি ঘটনায় গৃহিণীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন কামরাঙ্গীরচরের স্বপ্না বেগম (৩৮), ডেমরার পপি (৩৫) ও বংশালের হাশেম (৪৮)। পুলিশের প্রাথমিক ধারণা, তিনটি ঘটনাই আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (২ অক্টোবর) ময়নাতদন্তের জন্য তিনজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে স্বপ্না বেগমের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বামী খাজা জানান, বিয়ের পর থেকেই তাঁর স্ত্রী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার সময় সন্তানেরা বাইরে ছিল। বাড়ির ব্যবস্থাপক বিষয়টি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বপ্না ও খাজা দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে। কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
একই দিন দুপুর ২টার দিকে ডেমরার হাজী বাদশা মিয়া রোডের ‘আমার ভুবন’ ভবনের ১১ তলার একটি ফ্ল্যাট থেকে গৃহবধূ পপির মরদেহ উদ্ধার করা হয়। পরিবার ও পুলিশ জানায়, দুপুরে গোসলের কথা বলে তিনি বাথরুমে ঢোকেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে দরজা খুলে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পপি চার সন্তানের মা। তাঁর বাবার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুর গ্রামে। বাবার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। ডেমরা থানার এসআই মাহবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার বংশালের নাজিম উদ্দিন রোড এলাকার একটি ছয়তলা ভবনের চতুর্থ তলা থেকে হাশেমের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ছেলে হাসিব জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। রাতে স্বজনেরা তাঁকে অচেতন অবস্থায় দেখে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

