কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ নিয়ে পাঁচ দফার অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৫ জনে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সরাসরি অংশ নেন। জেলার ১৮টি থানার পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) একযোগে অভিযান পরিচালনা করে।
এর আগে প্রথম দফায় ৬২৪ জন, দ্বিতীয় দফায় ২৫৪ জন, তৃতীয় দফায় ৪১৫ জন এবং চতুর্থ দফায় ৩৭৯ জনকে আটক করা হয়। সর্বশেষ দফার ৩৬৩ জনসহ মোট আটক হয়েছেন ২ হাজার ৩৫ জন।
পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, এমন স্থান, অপরাধপ্রবণ এলাকা ও আড্ডাস্থলে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা পুলিশের ভাষ্য, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

