ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে কলকাতা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে বের হওয়ার সময় ঘটনাটি ঘটে বলে দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।
পুলিশ জানিয়েছে, আটক নারীর নাম অনুসূয়া সাহা। তাঁর বয়স ৩৮ বছর। তবে পুলিশ ঘটনাটিকে বাগবিতণ্ডা হিসেবে উল্লেখ করেছে। ছুরি বা হামলার চেষ্টার বিষয়ে পুলিশের বক্তব্যে কোনো উল্লেখ নেই।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দোলা সেনের অভিযোগপত্রে আটক নারীর নাম তন্নিষ্ঠা সাহা উল্লেখ করা হয়েছে। ফলে তাঁর নাম নিয়েও প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
দোলা সেনের অভিযোগে বলা হয়েছে, ওই নারী একজন সিভিক ভলান্টিয়ার এবং নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি হিসেবে পরিচয় দেন।
অভিযোগে আরও বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবন থেকে বের হওয়ার সময় ওই নারী তাঁকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তিনি মমতার ওপর হামলার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।
তবে ছুরি দিয়ে হামলার চেষ্টা বা ওই নারীর হাতে ছুরি থাকার বিষয়টি পুলিশ নিশ্চিত করেনি।

