গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসার উপাধ্যক্ষ মো. মোসলেম উদ্দিনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় গত অক্টোবর মাসে সাত বছর বয়সী ওই শিশুকে যৌন হেনস্তা করা হয়। বিষয়টি কাউকে জানালে মারধরের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
ভয়ে শিশুটি মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে স্বজন ও স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেন। সেই মামলায় আদালত আসামির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে কর্তৃপক্ষের পক্ষ থেকেও একটি পাল্টা মামলা করা হয়েছে।

