পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দুই বছর আগে লিবিয়ায় গিয়েছিলেন গাইবান্ধার সাইফুল (৩৯)। সেখানে মানবপাচারকারী চক্রের হাতে জিম্মি হন তিনি। ছেলের জীবন বাঁচাতে পরিবার প্রথমে পাঁচ লাখ টাকা দিলেও তাঁর কোনো খোঁজ পায়নি। পরে সাইফুলকে উদ্ধারের কথা বলে তাঁর বাবার কাছে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)।
শুক্রবার (১৩ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এসব তথ্য জানান। তিনি বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাইফুল প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় যান।
সিআইডির ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৫ আগস্ট লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে কল করা হয়। ফোনে জানানো হয়, সাইফুলকে আটকে রাখা হয়েছে। তাঁকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। মুক্তিপণের অর্ধেক টাকা না দেওয়া পর্যন্ত পরিবারের কাউকে সাইফুলের সঙ্গে কথা বলতে দেওয়া হবে না বলে জানায় অপহরণকারীরা।
ছেলের জীবন বাঁচানোর আশায় ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্টের মধ্যে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা পাঠায় পরিবার। সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্তদের দেওয়া একাধিক নম্বরে এই টাকা পাঠানো হয়। তবে টাকা পাওয়ার পরও সাইফুলের সঙ্গে পরিবারের যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি।
এরপর সোহেল পরিচয়ে এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি সাইফুলের বিষয়ে সব তথ্য জানেন দাবি করে নিজে লিবিয়ায় গিয়ে তাঁকে উদ্ধার করে আনার আশ্বাস দেন। এ জন্য সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় যেতে বলা হয়। সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে ওই ব্যক্তির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরে অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হয়। ছেলেকে উদ্ধারের কথা বলে তাঁর কাছে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়। এ সময় বলা হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক রয়েছেন। তাঁদের কাছ থেকেই আব্দুস সামাদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে বলে দাবি করে চক্রটি।
একপর্যায়ে ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না বলে জানান আব্দুস সামাদ। এরপর থেকে তাঁর ও সাইফুলের স্ত্রীর সঙ্গে আর যোগাযোগ করেনি চক্রটি।
এ ঘটনায় আব্দুস সামাদ ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলাটির তদন্তের দায়িত্ব নেয় সিআইডির টিএইচবি।
সিআইডি জানায়, মামলার তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মানবপাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে পাচারের পথ এবং লিবিয়ায় সাইফুলের অবস্থান জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সাইফুলকে উদ্ধার এবং দেশি-বিদেশি চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

