নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার পর সাবেক সংসদ সদস্য ও পৌর মেয়রের বাড়িসহ ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে।
হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়ি।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার বিকেল থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ লোকজন বিভিন্ন বাড়িতে হামলা চালায়। কয়েকটি বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, দুটি হত্যাকাণ্ডের জেরে বিক্ষুব্ধ লোকজন কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
এর আগে বুধবার কালিয়ায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের দুই নেতা হামলার শিকার হন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ করছিলেন। তাঁদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায়।
এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কালিয়া মডেল মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।
দুই নেতার মৃত্যুর পর শুক্রবার দুপুরে তাঁদের কবর জিয়ারত করতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় নড়াইলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: জাগোনিউজ২৪

