মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় র্যাব পরিচয়ে দুই প্রবাসীকে অপহরণ করে প্রায় ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুট করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন শ্রীনগরের চারিপাড়া গ্রামের জসিম শেখ এবং কবুতরখোলা গ্রামের সুজন খান। দুজনই সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরেন। তাঁরা জানান, সৌদি আরব থেকে বৈধভাবে আনা স্বর্ণ বিক্রি করে সেই অর্থ নিয়ে ঢাকা থেকে বাসযোগে বাড়ি ফিরছিলেন।
তাঁদের ভাষ্য অনুযায়ী, নগর পরিবহনের একটি বাসে বালাসুর যাওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে শ্রীনগরের ফেরিঘাটে বাসটি থামিয়ে একদল লোক উঠে পড়ে। নিজেদের র্যাব পরিচয় দিয়ে তারা জসিম ও সুজনকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে নিয়ে যায়। পরে জসিমের কাছ থেকে ২৫ লাখ ২০ হাজার এবং সুজনের কাছ থেকে ১১ লাখ ৩০ হাজার টাকা ও একটি মুঠোফোন লুট করে নেয়। অপহরণের পর তাঁদের রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
র্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন বলেন, “ঘটনার সঙ্গে র্যাবের কোনো সম্পৃক্ততা নেই। অভিযুক্তরা র্যাব পরিচয়ে প্রতারণা করে আসা একটি সংঘবদ্ধ চক্র। চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
স্থানীয়দের মতে, এই ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা বাহিনীর পরিচয় ভুয়া হিসেবে ব্যবহার করে এ ধরনের অপরাধ দ্রুত দমন না করলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

