জীবন বীমা মানুষের দীর্ঘমেয়াদি সঞ্চয় ও আর্থিক নিরাপত্তার অন্যতম মাধ্যম। জীবনের অনিশ্চয়তা, পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা কিংবা অবসরকালীন প্রয়োজন মেটানোর আশায় মানুষ বছরের পর বছর বীমার কিস্তি জমা দেন। কিন্তু সেই সঞ্চয় যখন প্রয়োজনের সময় ফেরত পাওয়া যায় না, তখন বীমার মূল উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়ে। বাংলাদেশে জীবন বীমা খাতের একটি অংশ এখন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গ্রাহকদের পাওনা পরিশোধে ব্যর্থতা, তহবিলের ঘাটতি, আর্থিক অনিয়ম এবং আইন লঙ্ঘনের অভিযোগে একাধিক কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে আর্থিকভাবে দুর্বল জীবন বীমা কোম্পানিগুলোর কার্যক্রম নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। প্রাথমিকভাবে সাত থেকে ১০টি প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি কোম্পানির অবস্থা সবচেয়ে নাজুক বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং বীমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার চিন্তা করা হচ্ছে। প্রয়োজনে লাইসেন্স বাতিল কিংবা ব্যবসা বন্ধের সিদ্ধান্তও আসতে পারে। তবে কোন সাতটি কোম্পানির বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
আইডিআরএর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে দেশের ৩৬টি জীবন বীমা কোম্পানির অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৪ কোটি টাকা। আগের প্রান্তিকে এই অঙ্ক ছিল ৪ হাজার ৪১০ কোটি টাকার বেশি। অর্থাৎ মাত্র এক প্রান্তিকের ব্যবধানে গ্রাহকদের পাওনা আরও বেড়েছে। এই হিসাবই বীমা খাতের আর্থিক সক্ষমতা এবং দাবি নিষ্পত্তির দুর্বলতার একটি বড় চিত্র তুলে ধরছে।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে এমন কয়েকটি প্রতিষ্ঠানে, যাদের গ্রাহকদের পাওনা তাদের আর্থিক সামর্থ্যের তুলনায় অনেক বেশি। একই সঙ্গে সাতটি কোম্পানির লাইফ ফান্ড বা জীবন বীমা তহবিল ঋণাত্মক অবস্থায় রয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত তহবিল ঘাটতি ১ হাজার ৩৩৮ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ ভবিষ্যতে গ্রাহকদের বীমা দাবি পরিশোধের জন্য যে আর্থিক ভিত্তি থাকার কথা, সেটিই এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছে।
ঋণাত্মক লাইফ ফান্ডের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির লাইফ ফান্ডের ঘাটতি দাঁড়িয়েছে ৯৪৪ কোটি ৯৩ লাখ টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির কাছে গ্রাহকদের ৩ হাজার ৩১০ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি অনিষ্পন্ন ছিল। মোট দাবির ৯৯ দশমিক ১২ শতাংশই পরিশোধ করতে পারেনি কোম্পানিটি। দীর্ঘদিন ধরে গ্রাহকদের পাওনা আটকে থাকার বিষয়টি প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির লাইফ ফান্ড ঋণাত্মক ৩১২ কোটি ৫৭ লাখ টাকা। গ্রাহকদের ২৬০ কোটি ৯০ লাখ টাকার বীমা দাবি এখনো নিষ্পত্তি হয়নি। মোট দাবির হিসাবে অনিষ্পন্ন অর্থের হার ৯৮ দশমিক ৬৩ শতাংশ। অর্থাৎ পলিসির মেয়াদ শেষ হওয়া কিংবা অন্যান্য শর্ত পূরণের পরও অধিকাংশ গ্রাহক তাঁদের পাওনা বুঝে পাননি।
বায়রা লাইফ ইন্স্যুরেন্সের অবস্থাও ভালো নয়। প্রতিষ্ঠানটির লাইফ ফান্ডের ঘাটতি ৫৭ কোটি ১৭ লাখ টাকা। একই সময়ে গ্রাহকদের ৮০ কোটি ৪ লাখ টাকার দাবি অনিষ্পন্ন রয়েছে, যা মোট দাবির ৯৯ দশমিক ৯১ শতাংশ। এত বিপুল পরিমাণ দাবি আটকে থাকা কোম্পানিটির আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
ঋণাত্মক লাইফ ফান্ডের তালিকায় থাকা বাকি চারটি প্রতিষ্ঠান হলো শান্তা লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স ও গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স। এসব কোম্পানির তহবিল ঘাটতি যথাক্রমে ১৬ কোটি ৭৮ লাখ, ৫ কোটি ৩৪ লাখ, ১ কোটি ৮ লাখ এবং ২৬ লাখ টাকা। ঘাটতির পরিমাণ তুলনামূলক কম হলেও গ্রাহকদের দাবি পরিশোধের ক্ষেত্রে কয়েকটি প্রতিষ্ঠানের পরিস্থিতি উদ্বেগজনক। গোল্ডেন লাইফের কাছে ৫৩ কোটি ৯৩ লাখ টাকা এবং যমুনা লাইফের কাছে ১ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে।
এখানে লাইফ ফান্ডের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জীবন বীমা কোম্পানিগুলো পলিসিধারীদের কাছ থেকে নিয়মিত প্রিমিয়াম সংগ্রহ করে। সেই অর্থ থেকে বিভিন্ন ব্যয় নির্বাহের পাশাপাশি ভবিষ্যতে বীমা দাবি পরিশোধের জন্য তহবিল সংরক্ষণ করার কথা। এই তহবিলই লাইফ ফান্ড নামে পরিচিত। এটি কোনো সাধারণ পরিচালন তহবিল নয়; বরং দীর্ঘমেয়াদে গ্রাহকদের প্রতি কোম্পানির আর্থিক দায় পূরণের সক্ষমতার গুরুত্বপূর্ণ নির্দেশক।
কোনো কোম্পানির লাইফ ফান্ড ঋণাত্মক হয়ে পড়লে বোঝা যায়, হিসাব অনুযায়ী তার তহবিলের অবস্থান প্রত্যাশিত পর্যায়ে নেই। এতে ভবিষ্যতে গ্রাহকদের দাবি পরিশোধের সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হয়। তবে শুধু ঋণাত্মক লাইফ ফান্ড দেখেই কোনো প্রতিষ্ঠানকে দেউলিয়া বলা যায় না। কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা নির্ধারণে মোট সম্পদ, দায়, বিনিয়োগের মান, নগদ অর্থের প্রবাহ এবং অ্যাকচুয়ারিয়াল মূল্যায়ন একসঙ্গে বিবেচনা করা জরুরি। কিন্তু এসব সূচকের পাশাপাশি বিপুল পরিমাণ অনিষ্পন্ন দাবি থাকলে ঝুঁকির মাত্রা যে বেড়ে যায়, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই।
শুধু তহবিলের ঘাটতি নয়, কয়েকটি কোম্পানির মোট সম্পদের তুলনায় গ্রাহকদের পাওনার পরিমাণও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। আইডিআরএর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ফারইস্ট ইসলামী লাইফ, পদ্মা ইসলামী লাইফ ও সানফ্লাওয়ার লাইফের অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ তাদের মোট সম্পদের চেয়েও বেশি। এর অর্থ, এসব প্রতিষ্ঠানের হাতে থাকা সব সম্পদ বিক্রি করে অর্থ সংগ্রহ করলেও গ্রাহকদের সম্পূর্ণ পাওনা মেটানো কঠিন হতে পারে। এমন পরিস্থিতি শুধু কোম্পানির ব্যবসায়িক ভবিষ্যৎকেই অনিশ্চিত করে না, সাধারণ মানুষের দীর্ঘদিনের সঞ্চয় নিয়েও বড় ধরনের উদ্বেগ তৈরি করে।
এ ছাড়া হোমল্যান্ড লাইফ, সানফ্লাওয়ার লাইফ ও সানলাইফের বিরুদ্ধে গ্রাহকদের বীমা দাবি পরিশোধ না করা এবং বীমা আইনের বিভিন্ন বিধান যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে কোম্পানিগুলোর পরিচালনব্যবস্থা ও আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বীমা কোম্পানির দায়িত্ব শুধু প্রিমিয়াম সংগ্রহ করা নয়; চুক্তির শর্ত অনুযায়ী গ্রাহকের পাওনা যথাসময়ে বুঝিয়ে দেওয়াও তাদের প্রধান দায়িত্ব। অথচ অনেক ক্ষেত্রে সেই দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ দীর্ঘদিন ধরে জমে আছে।
আইডিআরএর একজন কর্মকর্তা জানিয়েছেন, আর্থিক সক্ষমতা হারানো সাত থেকে ১০টি জীবন বীমা কোম্পানিকে নিয়ে কর্তৃপক্ষের পর্যালোচনা চলছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠানের অবস্থা তুলনামূলকভাবে বেশি খারাপ। এসব কোম্পানির আর্থিক পরিস্থিতি, গ্রাহকদের পাওনা এবং ব্যবসা পরিচালনার সক্ষমতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গ্রাহকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এমনকি কোনো কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল কিংবা ব্যবসা বন্ধের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।
তবে একটি বীমা কোম্পানি বন্ধ করে দেওয়া মানেই সমস্যার সমাধান নয়। বরং এ ধরনের সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকে হাজার হাজার পলিসিধারীর আর্থিক নিরাপত্তা, কর্মীদের ভবিষ্যৎ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পদ ও দায় ব্যবস্থাপনার প্রশ্ন। তাই কোনো কোম্পানির বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তার সম্পদের প্রকৃত মূল্য, বিনিয়োগের অবস্থা, বকেয়া দাবির পরিমাণ এবং অর্থ আদায়ের সম্ভাবনা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে যেসব কর্মকর্তা বা পরিচালকের সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটে পড়েছে, তাঁদের দায় নির্ধারণ করাও জরুরি।
বীমা খাতের সংকটের অন্যতম বড় দিক হলো দাবি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা। বীমা আইন, ২০১০ অনুযায়ী, প্রয়োজনীয় আবেদন পাওয়ার পর ৯০ দিনের মধ্যে বীমা দাবি নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বাস্তবে অনেক গ্রাহক বছরের পর বছর তাঁদের পাওনা আদায়ের অপেক্ষায় থাকছেন। কারও পলিসির মেয়াদ শেষ হয়েছে, কারও পরিবারের সদস্য মারা যাওয়ার পর মৃত্যুদাবি আটকে আছে, আবার কেউ জীবনের শেষ বয়সে সঞ্চিত অর্থ ফেরত পাওয়ার আশায় কোম্পানির দ্বারে দ্বারে ঘুরছেন।
একজন গ্রাহক যখন জীবন বীমা করেন, তখন তিনি সাধারণত ভবিষ্যতের কোনো নির্দিষ্ট প্রয়োজনকে সামনে রেখেই সিদ্ধান্ত নেন। সন্তানের শিক্ষা, মেয়ের বিয়ে, অবসরকালীন জীবন কিংবা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর পর আর্থিক সুরক্ষা—এসব উদ্দেশ্যে নিয়মিত প্রিমিয়াম জমা দেন। ফলে মেয়াদ শেষে টাকা না পাওয়া বা মৃত্যুদাবি আটকে থাকা তাঁর জন্য শুধু আর্থিক ক্ষতি নয়, অনেক ক্ষেত্রে পুরো পরিবারের জীবনযাত্রায় বড় ধরনের সংকট তৈরি করে।
বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য বীমার টাকা আটকে যাওয়া বড় ধাক্কা। অনেকেই ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানের বিকল্প হিসেবে জীবন বীমায় সঞ্চয় করেন। তাঁদের কাছে কয়েক লাখ টাকা হয়তো জীবনের দীর্ঘ সময়ের জমানো অর্থ। সেই অর্থ ফেরত না পেলে নতুন করে সঞ্চয় গড়ে তোলা কিংবা জরুরি প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ে। অথচ যে প্রতিষ্ঠানটি তাঁদের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা, সেটিই যখন পাওনা পরিশোধ করতে পারে না, তখন পুরো বীমা ব্যবস্থার ওপর মানুষের আস্থা দুর্বল হয়ে যায়।
সমস্যা মোকাবিলায় ইতিমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে আইডিআরএ। আর্থিক সংকটে থাকা কয়েকটি কোম্পানির সম্পদ ও বিনিয়োগ নগদ অর্থে রূপান্তর করে গ্রাহকদের পাওনা পরিশোধের চেষ্টা চলছে। কর্তৃপক্ষের উদ্যোগে তিন ধাপে ১৬ হাজার ৫৮ জন গ্রাহককে প্রায় ৬৩ কোটি ৯১ লাখ টাকা দেওয়া হয়েছে। উদ্যোগটি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি তৈরি করলেও সামগ্রিক পরিস্থিতির তুলনায় পরিশোধিত অর্থের পরিমাণ খুবই কম।
কারণ, ৩৬টি জীবন বীমা কোম্পানির অনিষ্পন্ন দাবিই যেখানে প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা, সেখানে তিন ধাপে প্রায় ৬৪ কোটি টাকা পরিশোধ করে সংকটের বড় অংশ মোকাবিলা করা সম্ভব নয়। উপরন্তু, যেসব কোম্পানির সম্পদ ও বিনিয়োগের পরিমাণ তাদের দায়ের তুলনায় কম, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থ সংগ্রহ করে গ্রাহকদের পাওনা মেটানো আরও কঠিন হতে পারে। ফলে শুধু সাময়িক অর্থ পরিশোধ নয়, দীর্ঘমেয়াদি আর্থিক পুনর্গঠন এবং সম্পদ উদ্ধারের কার্যকর পরিকল্পনা প্রয়োজন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারে আইডিআরের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, যেসব কোম্পানির প্রকৃত দায় পরিশোধের আর্থিক সামর্থ্য নেই, তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ থাকা উচিত নয়। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের ব্যবসার পরিধি কমিয়ে আনা হবে। আর যেসব কোম্পানি কার্যত অকার্যকর হয়ে পড়েছে, সেগুলোর বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বন্ধের উদ্যোগ নেওয়া হতে পারে।
এই বক্তব্য থেকে বোঝা যায়, নিয়ন্ত্রক সংস্থা এখন শুধু অনিয়ম শনাক্ত করেই থেমে থাকতে চায় না; বরং আর্থিকভাবে অকার্যকর প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নিতে আগ্রহী। তবে এমন পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থকে কীভাবে সুরক্ষা দেওয়া হবে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোম্পানির লাইসেন্স বাতিল হলে পলিসিধারীদের পাওনা কীভাবে নির্ধারণ করা হবে, সম্পদ বিক্রি করে কতটা অর্থ উদ্ধার সম্ভব হবে এবং কোন ক্রমে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হবে—এসব বিষয়ে স্বচ্ছ পরিকল্পনা থাকা প্রয়োজন।
বীমা খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, কয়েকটি প্রতিষ্ঠানের বর্তমান দুরবস্থার পেছনে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও সুশাসনের অভাব কাজ করেছে। কিছু কোম্পানির পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অনিয়মের সঙ্গে জড়িত কয়েকজনের কারাগারে যাওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু যাঁদের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানগুলো সংকটে পড়েছে, তাঁদের দায়ের পরিবর্তে ক্ষতির বোঝা বহন করতে হচ্ছে সাধারণ পলিসিধারীদের।
এখানেই বীমা খাতের জবাবদিহির বড় ঘাটতি সামনে আসে। কোনো কোম্পানি যখন গ্রাহকদের কাছ থেকে বছরের পর বছর প্রিমিয়াম সংগ্রহ করে, তখন সেই অর্থ কোথায় বিনিয়োগ হচ্ছে, কীভাবে ব্যয় হচ্ছে এবং ভবিষ্যৎ দাবি পরিশোধের জন্য কতটা অর্থ সংরক্ষিত থাকছে—এসব বিষয়ে নিয়মিত নজরদারি থাকা প্রয়োজন। কিন্তু নিয়ন্ত্রণ ও তদারকিতে দুর্বলতা থাকলে প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম একসময় বড় সংকটে রূপ নিতে পারে। তখন ক্ষতি সামাল দেওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হন সাধারণ গ্রাহক।
একটি জীবন বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মনে করেন, বাংলাদেশের তুলনায় প্রতিবেশী দেশগুলোতে বীমা কোম্পানির সংখ্যা অনেক কম। দেশে প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হলেও সব কোম্পানি প্রয়োজনীয় সুশাসন ও আইন মেনে ব্যবসা পরিচালনা করছে না। কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম ও আর্থিক দুরবস্থার কারণে পুরো খাতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর মতে, যেসব কোম্পানি দীর্ঘদিন ধরে আর্থিক সক্ষমতা হারিয়েছে, সেগুলোকে বন্ধ করা অথবা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
তবে কোম্পানি একীভূতকরণও সহজ কোনো সমাধান নয়। একটি দুর্বল প্রতিষ্ঠানের দায় অন্য একটি আর্থিকভাবে সক্ষম প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দিলে নতুন করে সংকট তৈরি হতে পারে। একীভূত করার আগে সংশ্লিষ্ট কোম্পানির সম্পদ, দায়, বকেয়া দাবি, বিনিয়োগ এবং ভবিষ্যৎ আর্থিক ঝুঁকি নির্ভুলভাবে মূল্যায়ন করতে হবে। অন্যথায় একটি প্রতিষ্ঠানের সমস্যা আরেকটি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে। তাই একীভূতকরণ হলে তা হতে হবে স্বচ্ছ আর্থিক মূল্যায়ন ও গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের ভিত্তিতে।
দুর্বল বীমা কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও। জাতীয় সংসদে তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব বীমা কোম্পানি গ্রাহকদের দাবি পরিশোধ করতে পারবে না, তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে এ বিষয়ে সংসদে বিল উত্থাপন করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থমন্ত্রীর এই বক্তব্যে সংকটাপন্ন বীমা প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে সমস্যাগ্রস্ত কোম্পানিগুলো সরাসরি বন্ধ করে দেওয়ার বিষয়ে ভিন্নমত রয়েছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সেমিনারে তিনি বলেন, সংকটে থাকা সাত থেকে আটটি কোম্পানিকে বন্ধ করে দেওয়ার আগে তাদের আর্থিক দুরবস্থার প্রকৃত কারণ খুঁজে বের করা প্রয়োজন। এরপর প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের সুযোগ দেওয়া যেতে পারে। তাঁর মতে, কোনো কোম্পানির সংকটের পেছনে কী ধরনের ব্যবস্থাপনাগত বা আর্থিক সমস্যা রয়েছে, তা না বুঝে সরাসরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না।
এই মতের পেছনে যুক্তি থাকলেও পুনর্গঠনের সুযোগ যেন অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের দায়মুক্তির পথ হয়ে না দাঁড়ায়, সেটিও নিশ্চিত করতে হবে। যেসব প্রতিষ্ঠানের আর্থিক সংকট কাটিয়ে ওঠার বাস্তব সম্ভাবনা রয়েছে, সেগুলোর জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুনর্গঠন পরিকল্পনা নেওয়া যেতে পারে। কিন্তু যেসব কোম্পানি দীর্ঘদিন ধরে গ্রাহকদের পাওনা পরিশোধ করতে ব্যর্থ এবং যাদের সম্পদের তুলনায় দায় অনেক বেশি, তাদের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
বিশেষজ্ঞদের দৃষ্টিতে, বীমা খাতের বর্তমান সংকট মোকাবিলায় কয়েকটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথমত, প্রতিটি কোম্পানির প্রকৃত সম্পদ ও দায়ের নিরপেক্ষ মূল্যায়ন করতে হবে। দ্বিতীয়ত, গ্রাহকদের অনিষ্পন্ন দাবির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে কোন দাবি কত দিন ধরে আটকে আছে, তার হিসাব দিতে হবে। তৃতীয়ত, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, তহবিল অপব্যবহার কিংবা সম্পদ সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে, সেগুলোর তদন্ত দ্রুত শেষ করতে হবে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিচালকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার জন্য একটি বাস্তবসম্মত সময়সূচি ঘোষণা করা প্রয়োজন। শুধু সম্পদ নগদায়নের উদ্যোগ নিলেই হবে না; কোন সম্পদ বিক্রি করা হচ্ছে, কত টাকা উদ্ধার হচ্ছে এবং সেই অর্থ কীভাবে গ্রাহকদের মধ্যে বণ্টন করা হচ্ছে, তা প্রকাশ করতে হবে। এতে ক্ষতিগ্রস্ত পলিসিধারীরা তাঁদের পাওনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমের ওপরও জনসাধারণের আস্থা বাড়বে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভবিষ্যতে কোনো বীমা কোম্পানি যাতে আবার একই ধরনের সংকটে না পড়ে, সে জন্য নিয়মিত আর্থিক নিরীক্ষা ও তদারকি জোরদার করা। কোম্পানিগুলোর বিনিয়োগ কোথায় হচ্ছে, প্রিমিয়াম থেকে পাওয়া অর্থ কীভাবে ব্যবহৃত হচ্ছে এবং ভবিষ্যৎ দাবির বিপরীতে পর্যাপ্ত তহবিল রাখা হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। আর্থিক সূচকে বড় ধরনের অবনতি দেখা দিলে শুরুতেই ব্যবস্থা নেওয়া গেলে সংকট এত গভীর হওয়ার আগেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব।
সবচেয়ে বড় কথা, বীমা ব্যবসার ভিত্তি হলো মানুষের বিশ্বাস। গ্রাহক যখন একটি পলিসি করেন, তখন তিনি শুধু একটি আর্থিক চুক্তিতে স্বাক্ষর করেন না; নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটি প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখেন। সেই আস্থার প্রতিদান দিতে না পারলে বীমা কোম্পানির ব্যবসায়িক অস্তিত্ব থাকলেও খাতটির সামাজিক গ্রহণযোগ্যতা নষ্ট হয়। কয়েকটি প্রতিষ্ঠানের ব্যর্থতার প্রভাব তখন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। মানুষ নতুন করে বীমা করতে আগ্রহ হারান এবং ভালো অবস্থানে থাকা কোম্পানিগুলোকেও গ্রাহকের আস্থা অর্জনে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
দেশের জীবন বীমা খাতে তাই এখন শুধু সাতটি কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্ন নয়, বরং পুরো ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ সামনে এসেছে। প্রায় ৪ হাজার ৮৯৪ কোটি টাকার অনিষ্পন্ন দাবি, সাতটি কোম্পানির ঋণাত্মক লাইফ ফান্ড এবং হাজার হাজার গ্রাহকের অনিশ্চিত সঞ্চয় পরিস্থিতির গভীরতা তুলে ধরছে। নিয়ন্ত্রক সংস্থা কঠোর পদক্ষেপের কথা বললেও তার বাস্তবায়ন কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে স্বচ্ছতা, জবাবদিহি ও গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার ওপর।
কোনো প্রতিষ্ঠান বন্ধ করা কিংবা একীভূত করা শেষ পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের বিষয় হতে পারে। কিন্তু গ্রাহকদের দীর্ঘদিনের সঞ্চয় ফেরত দেওয়ার দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ কারও থাকা উচিত নয়। কারণ, বীমা কোম্পানির ব্যর্থতার দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিলে এই খাতের সংকট আরও গভীর হবে। এখন দেখার বিষয়, নিয়ন্ত্রক সংস্থা শুধু দুর্বল কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই থামবে, নাকি অনিয়মের মূল কারণ চিহ্নিত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করতে পারবে। শেষ পর্যন্ত বীমা খাতে আস্থা ফিরবে কি না, তার উত্তর নির্ভর করছে এই পদক্ষেপগুলোর বাস্তব ফলাফলের ওপর।

