রাজধানীর মহাখালী এলাকায় একটি হোটেলে ঢুকে দুই নারীর ওপর হামলা চালিয়েছে যুবদলের একদল নেতাকর্মী। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে যুবদলের কেন্দ্রীয় কমিটি অভিযুক্ত নেতা মনির হোসেনকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে। বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে রাজধানীর মহাখালীর জাকারিয়া ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকে হামলা চালানো হয়। বনানী থানায় দায়ের করা মামলায় মনিরসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে, যাঁরা ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে নিয়ে সেখানে হামলা চালান বলে অভিযোগে বলা হয়েছে।
হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, শাড়ি পরা এক নারী আতঙ্কে দৌড়ে হোটেলের সিঁড়ি দিয়ে নিচে নামছেন। বিপরীত দিক থেকে ছুটে আসা এক ব্যক্তি তাঁর পথ রোধ করে আঘাত করেন, এতে তিনি মেঝেতে পড়ে যান। পেছনে দৌড়াতে থাকা আরেক নারীকেও কয়েকজন ধাওয়া করে নিচে ফেলে দেন এবং দুইজনকে মিলে মাটিতে ফেলে মারধর করা হয়। ভিডিওতে অন্তত ৮-১০ জন পুরুষকে হামলায় অংশ নিতে দেখা যায়।
ফুটেজে নারীদের আর্তচিৎকার শোনা যায়। হামলার একপর্যায়ে কিছু হামলাকারী সরে গেলেও পরে আরো কিছু মানুষকে সেখানে ঢুকতে দেখা যায়। ভিডিওতে হোটেলের ভাঙচুরের শব্দও পরিষ্কারভাবে শোনা যায়।
ঘটনার পর পরই বনানী থানায় জাকারিয়া হোটেল কর্তৃপক্ষ মামলা করে। পুলিশের কাছে দেওয়া অভিযোগে সহকারী মহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক জানান, হামলার পেছনে ছিল আগের দিনের একটি বিরোধ। গত ৩০ জুন মনির হোসেন একটি ভিআইপি কেবিন চান কিন্তু তা অন্য অতিথিকে বরাদ্দ থাকায় হোটেল কর্তৃপক্ষ তা দিতে ব্যর্থ হয়। পরে সাধারণ টেবিলে বসে তিনি খাওয়াদাওয়া করেন এবং ছাড় দাবি করেন। যদিও ছাড় দেওয়া হয়, এরপরও তিনি ক্ষোভ প্রকাশ করে হুমকি দিয়ে চলে যান।
এরপর ১ জুলাই রাতে মনির প্রায় ২০-২৫ জন সহযোগী নিয়ে হোটেলে ফিরে আসেন এবং সঙ্গে সঙ্গে ভাঙচুর শুরু করেন। অভিযোগে বলা হয়েছে, তাঁরা কাচের গ্লাস ছুড়ে ভাঙচুর করেন, চেয়ার-টেবিল, সিসিটিভি মনিটর, ক্যাশ কাউন্টার ও অন্যান্য মূল্যবান সামগ্রী ভাঙেন। পাশাপাশি তাঁরা ক্যাশ থেকে ৭০ হাজার টাকা এবং আনুমানিক ৫ লাখ টাকার মদ ও বিয়ার নিয়ে চলে যান।
হামলার সময় রেস্টুরেন্টের কর্মীরা বাধা দিলে তাঁদেরও মারধর করা হয়। যাওয়ার সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলেন, বিষয়টি পুলিশে জানানো হলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। ঘটনার পরে আহত কর্মীরা প্রাথমিক চিকিৎসা নেন এবং হোটেল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মামলা করে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল সরোয়ার বলেন, মনির হোসেনের নেতৃত্বে জাকারিয়া হোটেলে প্রবেশ করে হামলার ঘটনা ঘটেছে। হোটেল কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে।
যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে, মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো নেতার ব্যক্তিগত অপকর্মের দায় দল বহন করবে না। যুবদলের সব ইউনিটকে তাঁর সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, মামলার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

