আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দেশের অর্থনীতিতে ক্রমেই বড় বোঝা হয়ে উঠছে। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এ খাতে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ৩৪ হাজার কোটি টাকা। এই চাপ কমাতে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। এবারের সম্মেলনের প্রতিপাদ্য, জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই।
উপদেষ্টা বলেন, কেবল বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি সংকট দূর করা যাবে না। উৎপাদন থেকে সঞ্চালন ও বিতরণ পর্যন্ত প্রতিটি স্তরে দক্ষতা বাড়াতে হবে। নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানি ব্যবস্থার মূলধারায় নিয়ে আসাও জরুরি।
আমদানিনির্ভর ব্যবস্থার ঝুঁকি যে কত বড়, তা আরেকটি হিসাবেও স্পষ্ট। বাসসের খবর অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সংকটে গত ১৮ মার্চের পর বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো বাতিল হয়েছে। ফলে আন্তর্জাতিক খোলাবাজার বা স্পট মার্কেট থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। এতে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার।
রাশেদ আল মাহমুদ তিতুমীর সতর্ক করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে তার সরাসরি অভিঘাত পড়ে বাংলাদেশে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ বাড়ে। বিদ্যুৎ ও শিল্পের উৎপাদন খরচ বেড়ে পণ্য ও সেবার দামেও প্রভাব ফেলে। তাই জ্বালানি সংকট শুধু বিদ্যুৎ খাতের বিষয় নয়, এর সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও জড়িয়ে আছে।
তিনি আরও জানান, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি চার্জ বাবদ দুই লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। কেন্দ্র প্রস্তুত রাখার বিনিময়ে দেওয়া নির্দিষ্ট অর্থই ক্যাপাসিটি চার্জ। জ্বালানি মজুত বাড়ানোর অগ্রগতির কথাও তুলে ধরেন উপদেষ্টা। তাঁর ভাষ্য, সরকার দায়িত্ব নেওয়ার সময় থাকা ১৭ দিনের ডিজেল মজুত বেড়ে এখন ৩৮ দিনে পৌঁছেছে। ধাপে ধাপে ৯০ দিনের চাহিদা মেটানোর মতো মজুত গড়ার লক্ষ্য রয়েছে।
সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুতে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করতে চায়। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য উৎপাদন সক্ষমতা গড়ার পরিকল্পনাও রয়েছে। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট এবং ভূমিতে স্থাপিত সৌরকেন্দ্র থেকে চার থেকে পাঁচ হাজার মেগাওয়াট পাওয়ার লক্ষ্য ধরা হয়েছে। বায়ু, বর্জ্য, ভাসমান ও কৃষিভিত্তিক সৌরবিদ্যুতের মতো উৎস থেকেও উৎপাদনের পরিকল্পনা আছে।
নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই ব্যবস্থায় গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ এবং উপযুক্ত কৃষিজমিতেও সৌরবিদ্যুৎ বিস্তারের সুযোগ দেখছে সরকার।
তবে সবুজ জ্বালানির পরিকল্পনার পাশাপাশি এলএনজি অবকাঠামো বাড়ানোর উদ্যোগও রয়েছে। প্রতিদিন ৬০ কোটি ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণে সক্ষম তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাতারবাড়িতে দৈনিক ১০০ কোটি ঘনফুট সক্ষমতার স্থলভিত্তিক টার্মিনালের পরিকল্পনাও আছে। একই সঙ্গে দেশীয় গ্যাস অনুসন্ধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন উপদেষ্টা।
এ জায়গাতেই উঠছে ভিন্নমত। বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়নবিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় এলএনজি অবকাঠামো সম্প্রসারণের বিরোধিতা করেন। তাঁর মতে, এলএনজিতে ব্যয় হওয়া অর্থ নবায়নযোগ্য খাতে খাটালে জ্বালানি নিরাপত্তা বাড়ানো সম্ভব। দেশে এ খাতের সম্ভাবনা বর্তমান নীতির লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। বড় কেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনায় সাধারণ মানুষকে যুক্ত করতে হবে। বিকেন্দ্রীভূত ও জনমালিকানাভিত্তিক ব্যবস্থা মানুষের অংশগ্রহণও বাড়াবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মনে করেন, দেশি-বিদেশি লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি এ খাতে কাঠামোগত আধিপত্য গড়ে তুলেছে। তা ভাঙতে নবায়নযোগ্য জ্বালানিকে শুধু বিকল্প হিসেবে না দেখে জাতীয় অগ্রাধিকার দিতে হবে। তিনি সমন্বিত জ্বালানি মহাপরিকল্পনা, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সক্ষমতা বৃদ্ধি এবং পুরোনো সৌর সরঞ্জামের বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনার ওপরও গুরুত্ব দেন।
রূপান্তরের বড় চ্যালেঞ্জ অর্থায়ন। সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে আমদানি, ভর্তুকি ও বিশ্ববাজারের দাম ওঠানামার ঝুঁকি কমবে। তবে স্বল্পমেয়াদি আমানতনির্ভর ব্যাংকের পক্ষে ৮ থেকে ১২ বছর মেয়াদি প্রকল্পে অর্থায়ন কঠিন। তাই সবুজ বন্ড ও সুকুকের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি। বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদের অভিযোগ, সরকারি ঘোষণা ও বাস্তব নীতিমালার অসংগতি বেসরকারি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে।
সব মিলিয়ে সম্মেলনের আলোচনা বলছে, লক্ষ্য ঘোষণা করাই যথেষ্ট নয়। সহজ অর্থায়ন, নীতির ধারাবাহিকতা, দক্ষ বিতরণব্যবস্থা এবং এলএনজি বিনিয়োগের দীর্ঘমেয়াদি ব্যয় যাচাই না করলে আমদানির চাপ কমানো কঠিন হবে। পরিকল্পনা দ্রুত বাস্তবে রূপ দিতে পারলেই নবায়নযোগ্য জ্বালানি অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার শক্ত ভিত হয়ে উঠতে পারে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলাম। আরও বক্তব্য দেন লইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক আবিল বিন আমিন, সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ চৌধুরী এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মীনা।
বিডব্লিউজিইডির উদ্যোগে ১৪টি সংগঠনের সহযোগিতায় আয়োজিত সম্মেলনে নীতিনির্ধারক, বিনিয়োগকারী, গবেষক ও তরুণ প্রতিনিধিসহ সাড়ে তিন শতাধিক অংশীজন যোগ দিচ্ছেন। ১৩টি অধিবেশনে নীতি সংস্কার, অর্থায়ন, কার্বন নিঃসরণ হ্রাস, আঞ্চলিক সহযোগিতা, কর্মসংস্থান এবং শ্রমিক, আদিবাসী ও নারীদের অংশগ্রহণসহ নানা বিষয়ে আলোচনা হবে। ২০২৩ সালে শুরু হওয়া এই আয়োজনের এবার চতুর্থ আসর।

