ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে পানি সরবরাহ ব্যবস্থা। এতে ৫০ শয্যার এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনি চরম বিপাকে পড়েছেন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরাও।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে পানি উত্তোলনের একমাত্র পাম্পটি বিকল হয়ে পড়েছে। সেই থেকেই বন্ধ রয়েছে পানি সরবরাহ। ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। সৃষ্টি হয়েছে স্বাস্থ্যঝুঁকিও।
শুক্রবার হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগী ও তাদের স্বজনেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। পানির অভাবে ব্যবহারযোগ্য নয় বাথরুমগুলো। গোসল তো দূরের কথা, মিলছে না খাবার পানিও।
পৌরসভার বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, “সন্তানকে জরুরি বিভাগে নেওয়ার পর জানানো হয় হাসপাতালে পানি নেই। বলা হয়, নিজে পানি জোগাড় করতে পারলে ভর্তি করা যাবে। বাধ্য হয়ে ভর্তি করাই। পরে দেখি ফায়ার সার্ভিস কিছু পানি দিয়েছে কিন্তু তা ছিল অপ্রতুল। আবার সংকট দেখা দেয়।”
রোগী আব্দুল জলিলের এক স্বজন বলেন, “তিন দিন ধরে পানির জন্য হাহাকার চলছে। রোগী নিয়ে এসে নিজেরাই অসুস্থ হয়ে পড়ছি।”
কাজীরহাট থেকে আসা আমেনা বেগম বলেন, “টয়লেটে পানি নেই। চিকিৎসা নিতে এসে আরো দুর্ভোগ পোহাতে হচ্ছে। এটা যেন মড়ার উপর খাঁড়ার ঘা।”
এই পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম বলেন, “পুরো পানি সরবরাহ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনো সমাধান হয়নি। আমরা স্টাফদের বলেছি, রোগীদের জন্য বালতিভর্তি পানি সরবরাহ করতে। আশা করছি আগামীকালের মধ্যে সমস্যার সমাধান হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন জানান, “উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

