ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা-বাইশকাহনিয়া সড়কে মালিঝি নদীর ওপর নির্মিত একটি সেতু তিন বছর ধরে ঝুঁকিপূর্ণভাবে শূন্যে ঝুলছে। নিচের মাটি সরে যাওয়ায় এই সেতু দিয়ে চলাচল এখনো নিরাপদ নয়।
সম্প্রতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও)-এর অর্থায়নে ১ লাখ ১৩ হাজার টাকা ব্যয়ে সেতুটি মেরামত করা হয়। তবে মেরামতের কয়েকদিনের মধ্যেই ঢলের পানির এক ধাক্কায় আবারও মাটি সরে যায়। ফলে সেতুটি আগের মতো আবার ঝুলে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই এত দ্রুত সেতুর মেরামত ভেস্তে গেছে। তারা জানান, সেতুর নিচে কোনো মজবুত বাঁধ বা রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ছিল না। তাই বর্ষার পানির স্রোতেই ভেঙে গেছে মাটি।
এই বিষয়ে ছনধরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান বলেন,
“যেহেতু মেরামতের কাজ সফল হয়নি, পিআইও অফিসের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
সেতুটি ২০১৬-১৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে নির্মিত হয়। নির্মাণের অল্প সময় পরই মালিঝি নদী খননের সময় পানির স্রোতে নিচের মাটি সরে যায়। তখন থেকেই সেতুটি ঝুলে থাকে দীর্ঘ তিন বছর। মেরামতের উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘমেয়াদে কার্যকর হয়নি।
এখনো সেতুটির দুই পাশে মাটি না থাকায় মানুষকে বিপজ্জনকভাবে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের জন্য এটি ভয়ংকর দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

