গাজীপুরের শ্রীপুরে এক রেস্তোরাঁয় বসে তরুণ ও তরুণীর পিস্তল হাতে খুনসুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি রেস্তোরাঁর খাবার টেবিলের পাশে বসে থাকা এক তরুণ একটি পিস্তল তুলে দেন তাঁর পাশের তরুণীর হাতে। তরুণী সেটি হাতে নিয়ে তরুণের দিকে তাক করেন। এ সময় তরুণও আঙুল দিয়ে পিস্তলে গুলি করার ভঙ্গি করে তাঁর সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন। ভিডিওটি বিপরীত পাশ থেকে কোনো তৃতীয় ব্যক্তি রেকর্ড করছেন বলে মনে হচ্ছে।
ভিডিওতে থাকা তরুণের পরিচয় পাওয়া গেছে। তিনি সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ (১৮), গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একজন ইলেকট্রিক মিস্ত্রির ছেলে। পুলিশের ভাষ্য, সাজ্জাদ হোসেন এর আগেও একাধিক অপরাধে জড়িত ছিলেন। স্থানীয়রা তাঁকে ‘কিশোর গ্যাং লিডার’ হিসেবে চেনেন।
শ্রীপুর থানার পুলিশ ও স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, কিছুদিন আগে এক অপহরণ ও চাঁদাবাজির মামলায় সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তবে ওই ঘটনায় তাঁর কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, “ভিডিওটি কিছুদিন আগের পুরোনো বলে মনে হচ্ছে। আমরা এটি যাচাই–বাছাই করছি। ভিডিওতে দেখা অস্ত্রটি আসল না নকল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
স্থানীয়দের মতে, এমন ভিডিও ভাইরাল হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রশ্ন তোলে। তাঁরা অভিযোগ করেছেন, সাজ্জাদ এলাকায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপরাধে সক্রিয়, অথচ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনাই বারবার ঘটছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিওর প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসন ও পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। ভিডিওর সময়, স্থান এবং পিস্তলটি সত্যিই কার্যকর অস্ত্র কি না- এসব প্রশ্নের উত্তর এখন তদন্তসাপেক্ষ।

