কয়েক দফা সময় বাড়ানোর পর আগামীকাল, মঙ্গলবার, দেশের করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমার শেষ সময়। তাই আজ সোমবার এবং আগামীকাল এই দুই দিনেই অনলাইনে রিটার্ন দেওয়ার সুযোগ আছে। প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আজই সংগ্রহ করতে হবে।
দেশে বর্তমানে প্রায় সোয়া এক কোটি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারী ব্যক্তি রয়েছেন। এদের মধ্যে করযোগ্য আয় থাকলে অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। এছাড়া ৫০ লাখের বেশি করদাতা অনলাইনে নিবন্ধনও করেছেন।
অনলাইনে রিটার্ন দেবেন কীভাবে
সব করদাতাকে এনবিআরের ওয়েবসাইট থেকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। প্রথমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এজন্য একটি নিবন্ধিত মোবাইল ফোন নম্বর প্রয়োজন। বিদেশে থাকা করদাতারা ই-মেইলের মাধ্যমে ওটিপি পেয়ে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন সম্পন্ন হলে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগইন করে রিটার্ন জমা দেওয়া যাবে।
অনলাইনে রিটার্ন দেওয়ার সময় আয়কর ফরমের বিভিন্ন অংশ পূরণ করতে হয়। বছরে আয়-ব্যয়ের হিসাব দিতে হবে। করমুক্ত আয়সীমা বাদ দিয়ে করের হিসাব করতে হবে। যদি বিনিয়োগজনিত কোনো কর রেয়াত বা অন্যান্য করছাড় থাকে, তা হিসাবের মধ্যে আনতে হবে।
৫০ লাখ টাকার বেশি সম্পদ থাকলে সম্পদের বিবরণীও দিতে হবে। বাড়ি, গাড়ি বা অন্যান্য সম্পদ থাকলেও তা উল্লেখ করতে হবে।
পেমেন্ট করতে হলে ঘরে বসেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করা যাবে।
সময় বাড়ানোর সুবিধা
৩১ মার্চের মধ্যে এনবিআরের ওয়েবসাইটে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেনুর মাধ্যমে অনলাইনে সময় বৃদ্ধির জন্য আবেদন করা যায়।
অনলাইনে জমা দেওয়া আবেদনের পর সংশ্লিষ্ট কর কমিশনার আবেদন অনুমোদন বা নামঞ্জুর করবেন। অনুমোদিত হলে করদাতা নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন। ৩১ মার্চের আগে আবেদন করলে কমিশনার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারবেন

