কোরবানি ঈদকে সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহে আবারও বড় উল্লম্ফন দেখা যাচ্ছে। চলতি মে মাসের প্রথম ২৩ দিনেই প্রবাসী বাংলাদেশিরা প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। মাসের বাকি কয়েক দিনের হিসাব যোগ হলে এ অঙ্ক আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ২৩ দিনে দেশে এসেছে ২৯৭ কোটি ৬১ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ হাজার ৩০৮ কোটি টাকা।
এর আগে গত এপ্রিল মাসে দেশে এসেছিল ৩১৩ কোটি ডলারের রেমিট্যান্স। মার্চ মাসে আসে রেকর্ড ৩৭৫ কোটি ডলার। ওই মাসে ঈদুল ফিতর থাকায় প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।
ব্যাংকভিত্তিক হিসাবে এবারও রেমিট্যান্স আহরণে শীর্ষ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। চলতি মাসের প্রথম ২৩ দিনে ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ৫৩ কোটি ৬৫ লাখ ডলার। একই সময়ে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৩ কোটি ১৭ লাখ ডলার। তৃতীয় অবস্থানে থাকা ট্রাস্ট ব্যাংক এনেছে ২৬ কোটি ২৮ লাখ ডলার।
এ ছাড়া অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ডলার এবং পূবালী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ৭৪ লাখ ডলারের প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে প্রতি মাসে ৩ বিলিয়ন ডলার বা তার বেশি রেমিট্যান্স দেশে আসছে। ডিসেম্বরে আসে ৩২২ কোটি ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ডলার।
সব মিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে দেশে এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ডলারের প্রবাসী আয়। আগের অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ৩ হাজার ৩৩ কোটি ডলার।
বিশ্লেষকেরা মনে করছেন, ঈদকে কেন্দ্র করে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে। একই সঙ্গে দেশের ব্যাংকিং খাতেও বাড়ছে ডলারের সরবরাহ।

