আগামী দিনের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ ড্যাশবোর্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
একই ধরনের ড্যাশবোর্ড মন্ত্রীদের কার্যালয়েও থাকবে বলে জানান তিনি। এর মাধ্যমে প্রতিদিন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।
রাজধানীর কাকরাইলে দি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটবিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরকার নতুন কিছু উদ্যোগ নিয়েছে। প্রতিটি প্রকল্পের কাজ কতদূর এগোলো, তা প্রতিদিন ড্যাশবোর্ডে দেখা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি অন্তত ৮০ শতাংশ প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হয়, তাহলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থমন্ত্রী আরও বলেন, নতুন বাজেটে সরকার অর্থনৈতিক কাঠামোয় পরিবর্তনের চেষ্টা করেছে। অর্থনীতির গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশের সব মানুষ যাতে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে, সে লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে পৃষ্ঠপোষকতানির্ভর অর্থনীতি গড়ে উঠেছিল। ফলে একটি বিশেষ গোষ্ঠী অধিকাংশ সুযোগ-সুবিধা ভোগ করত। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতেই সরকার কাজ করছে।
আলোচনা সভায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ বলেন, আগামী অর্থবছরের জন্য সাড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ ইতিবাচক। তবে বাস্তবে প্রবৃদ্ধি যদি সাড়ে ৩ শতাংশে নেমে আসে, তাহলে দেশের অর্থনীতির জন্য তা উদ্বেগের কারণ হবে।
তিনি বলেন, বর্তমান উচ্চ কর ও সুদের হারে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়ছে। নীতি সুদহার কমানো না হলে বেসরকারি খাতে বিনিয়োগের গতি ফিরবে না। এতে অর্থনীতিতে স্থবিরতা দেখা দিতে পারে। মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও সাধারণ মানুষের আর্থিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক মাহবুব উল্লাহ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সমিতির সদস্যসচিব মোহাম্মদ হেলাল উদ্দিন।
আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন র্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরমিন্দ নীলোর্মি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক মোহাম্মদ ইউনূস, কাজী ইকবাল, অতনু রব্বানি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়মা হক বিদিশাসহ অন্যরা।
এ ছাড়া বক্তব্য দেন এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ইমেরিটাস অধ্যাপক এ টি এম নূরুল আমিন, বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ইমরান মতিন।

