চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার নেমে এসেছে মাত্র ৪৮ শতাংশে। জুলাই থেকে মে পর্যন্ত সময়ের এই অগ্রগতি গত ১৬ বছরের মধ্যে সবচেয়ে কম বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত আইএমইডির হালনাগাদ তথ্যে দেখা যায়, এ সময়ে উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে ১ লাখ ৭৬৯ কোটি টাকা। অর্থের পরিমাণ এবং বাস্তবায়নের হার—দুই দিক থেকেই এটি গত ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান। চলতি অর্থবছরে এডিপির মোট আকার ধরা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা।
তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, সাধারণত অর্থবছরের প্রথম ১১ মাসে এডিপি বাস্তবায়নের হার ৬৫ থেকে ৭০ শতাংশের মধ্যে থাকে। কিন্তু এবার সেই হার ৫০ শতাংশেরও নিচে নেমে এসেছে, যা গত ১৬ বছরের মধ্যে সবচেয়ে কম।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকল্পগুলো নতুন করে যাচাই-বাছাই, ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং অর্থ ছাড়ে সতর্কতা অবলম্বনের কারণে উন্নয়ন কার্যক্রমের গতি কমেছে।
আইএমইডির তথ্যানুযায়ী, অর্থবছরের ১১ মাস শেষ হলেও ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের ২৫ শতাংশও ব্যয় করতে পারেনি। এগুলো হলো স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং সংসদবিষয়ক সচিবালয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার পরিবর্তন হয়েছে। পাশাপাশি কয়েকটি পুরোনো প্রকল্প পুনর্মূল্যায়নের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। এসব উদ্যোগের পাশাপাশি উন্নয়ন ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং অর্থনীতির বিদ্যমান চাপ মিলিয়ে চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের গতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

