ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট সাতটি গুরুত্বপূর্ণ সেবা গ্রহণের ক্ষেত্রে এখন থেকে ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা (বিআইএন) বা বিআইএন তালিকাভুক্তির প্রমাণক বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে ব্যাংক হিসাব খোলা থেকে শুরু করে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন এবং ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনসহ একাধিক সেবা অন্তর্ভুক্ত রয়েছে।
আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থ বিল, ২০২৬-এর সংশোধনী তালিকায় এই বিধান যুক্ত করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশোধিত বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।
সংশোধিত আইনে বলা হয়েছে, অন্য কোনো আইনে ভিন্ন বিধান থাকলেও কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব কিংবা স্বল্পমেয়াদি আমানত (এসটিডি) হিসাব খুলতে বা পরিচালনা করতে চায়, তাহলে প্রতিষ্ঠানটির বিআইএন তালিকাভুক্তির প্রমাণক বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
এ ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক, এনবিএফআই বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে চাইলে, ট্রেড লাইসেন্স নবায়ন করতে চাইলে, মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চাইলে, কোনো বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন করতে চাইলে, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নিতে চাইলে কিংবা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে প্রতিষ্ঠানের নামে যানবাহনের নিবন্ধন করতে চাইলে—সব ক্ষেত্রেই বিআইএন তালিকাভুক্তির প্রমাণক উপস্থাপন করতে হবে।
নতুন এই বিধানের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে নিবন্ধিত প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও বেশি শৃঙ্খলা আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

