মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রায় দেবেন হাইকোর্ট। সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়।
রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পাশাপাশি হত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আট বছর বয়সী শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ সবাইকে গ্রেপ্তার করে। ২০২৫ সালের ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয় এবং মাত্র ১৩ কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষ হয়।
একই বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি হিটু শেখকে (৪৭) মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। অপর তিন আসামি—সজীব শেখ (১৯), তার ছোট ভাই (১৭) ও মা জাহেদা বেগম (৪০)—খালাস পান।
আইন অনুযায়ী, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হলে তা অনুমোদনের জন্য মামলার নথি উচ্চ আদালতে পাঠাতে হয়। সেই অনুযায়ী গত বছরের ২১ মে মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পরবর্তী সময়ে পেপারবুক প্রস্তুত করে ৮ জুন হাইকোর্টে জমা দেওয়া হয়। এরপর মামলাটি শুনানির জন্য বিশেষ বেঞ্চের কার্যতালিকায় ওঠে।
আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।
