আজকের বিশ্বে ব্যবসায়িক ও আর্থিক কার্যক্রমের জন্য অফশোর ব্যাংকিং একটি পরিচিত নাম। এটি এমন একটি ব্যবস্থা যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের দেশের বাইরে অবস্থিত কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন। সাধারণতঃ এটি করের পরিমাণ কমানো, নিরাপত্তা বৃদ্ধি এবং আন্তর্জাতিক লেনদেনের সুবিধা লাভের জন্য ব্যবহৃত হয়। তবে অফশোর ব্যাংকিং এর সুবিধা ও অসুবিধা উভয়ই রয়েছে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো।
অফশোর ব্যাংকিং এর সুবিধাসমূহ:
অফশোর ব্যাংকিং- এর মূল আকর্ষণ হলো কর সাশ্রয়ের সুযোগ। কিছু দেশে করের হার এতই কম যে, ব্যবসায়ী বা ব্যক্তিরা সহজেই তাদের আয়ের বড় অংশ সঞ্চয় করতে পারেন। এতে কর কমানোর পাশাপাশি ব্যবসার লাভ বাড়ানোর সুযোগও তৈরি হয়। এই সুবিধা ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ এবং লাভজনক করে তোলে।
অফশোর ব্যাংকিং অ্যাক্ট- ২০২৪ বিদ্যমান ব্যাংকিং ব্যবস্থার মধ্যে একটি বিশেষ সুবিধার পথ খুলে দিয়েছে। এই আইনের মাধ্যমে অফশোর ব্যাংকিংকে প্রচলিত ব্যাংকিং থেকে আলাদা একটি কাঠামোয় পরিচালিত করা হবে। এর নিয়ম-কানুন, আইন এবং পরিচালনার পদ্ধতি প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার তুলনায় ভিন্নভাবে সাজানো হয়েছে, যা নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।
এই আইন বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগে আরও স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা আনার জন্য তৈরি হয়েছে। পাশাপাশি, এটি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। অফশোর ব্যাংকিং বর্তমানে ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ব্যবস্থার অন্যতম সুবিধা হলো সহজ শর্তে আন্তর্জাতিক ব্যবসার সুযোগ সৃষ্টি। এর মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশ-বিদেশে তাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারে।
অফশোর ব্যাংকিংয়ের আরেকটি আকর্ষণীয় দিক হলো- ব্যাংকিং গোপনীয়তা। এই ব্যবস্থায় কঠোর গোপনীয়তা নিশ্চিত হয়, যা ব্যক্তিগত এবং কর্পোরেট নিরাপত্তার জন্য সহায়ক। বিশেষতঃ ট্যাক্স হেভেন দেশগুলিতে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে সামান্য বা শূন্য কর পরিশোধের সুযোগ রয়েছে।
আন্তর্জাতিক লেনদেন সহজ ও দ্রুত করতে অফশোর ব্যাংকিং বর্তমানে একটি জনপ্রিয় সমাধান। ব্যবসায়ীরা বিদেশি মুদ্রায় লেনদেনের জন্য এই ব্যবস্থা বেছে নিচ্ছেন।কারণ, এটি সময় এবং খরচ দুটোই বাঁচায়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলির জন্য এই ব্যবস্থা বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়িয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে পারে।
অফশোর ব্যাংকিং ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক বাজারে বিনিয়োগের দুয়ার খুলে দেয়। এর মাধ্যমে তারা সহজেই বৈদেশিক বাজারে প্রবেশ করতে পারে এবং নতুন নতুন ব্যবসায়িক সুযোগ খুঁজে পায়। বিদেশি বাজারে বিনিয়োগের এই সুবিধা শুধু ব্যবসার পরিধি বাড়ায় না বরং বৈশ্বিক অর্থনীতির সঙ্গেও ব্যবসায়ীদের সংযোগ স্থাপন করে।
রাজনৈতিক বা আর্থিক অস্থিতিশীলতা থেকে সুরক্ষা খুঁজছেন? অফশোর ব্যাংকিং সেক্ষেত্রে হতে পারে একটি নিরাপদ বিকল্প। এটি কেবল স্থানীয় ঝুঁকি এড়াতেই সাহায্য করে না বরং বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলায় একটি কার্যকর হাতিয়ার হিসেবেও কাজ করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলির জন্য এই ব্যবস্থা বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়িয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে পারে।
অফশোর ব্যাংকিং এর অসুবিধাসমূহ:
অফশোর ব্যাংকিং অনেক সময় বেআইনি কার্যকলাপের আড়াল হতে পারে। অর্থপাচার, ট্যাক্স ফাঁকি এবং দুর্নীতির মতো কাজগুলো এমন দেশগুলোতে সহজেই ঘটে, যেখানে ব্যাংকিং নিয়ম-কানুন তেমন কঠোর নয়। এসব কর্মকাণ্ড শুধু স্থানীয় নয়, পুরো বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় বিপদের কারণ হতে পারে।
অফশোর ব্যাংকিং ব্যবহারের সময় কখনো কখনো আইনি জটিলতার সম্মুখীন হতে হয়। বিভিন্ন দেশের আইনগত কাঠামো এবং নিয়ম-নীতি আলাদা হওয়ার কারণে কখনো কখনো এই ব্যাংকিং ব্যবস্থা আইনগত সমস্যার সৃষ্টি করতে পারে, যা ব্যবসায়ীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।
অনেক প্রতিষ্ঠান অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে কর ফাঁকি দেয়, যা দেশের আর্থিক উন্নয়ন ও জনকল্যাণে তাদের অবদান কমিয়ে দেয়। এর ফলে সরকারকে অন্যদের ওপর বেশি কর চাপাতে হয়, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর বোঝা বাড়ায়।
যদিও অফশোর ব্যাংকিং অনেক দেশেই গোপনীয়তা বজায় রাখে, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যাংকিং নিরাপত্তা দুর্বল হতে পারে। এতে গ্রাহকের অর্থের সুরক্ষা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। বিশেষ করে যখন ব্যাংকিং সিস্টেমটি আন্তর্জাতিক পর্যায়ে কম নিয়ন্ত্রিত থাকে।
সত্যি কথা বলতে অফশোর ব্যাংকিং একটি বৈধ পদ্ধতি, যদি এটি সঠিকভাবে পরিচালিত হয় এবং অ্যাকাউন্টধারীরা ট্যাক্স ও রিপোর্টিং সংক্রান্ত আইন যথাযথভাবে মেনে চলেন। এটি বৈশ্বিক বাণিজ্যে, সম্পদ ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক বিনিয়োগে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সমস্যার সূত্রপাত তখনই হয়, যখন এটি মানি লন্ডারিং, কর ফাঁকি বা অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহার করা হয়। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে, কিছু দেশে অফশোর ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণ এখনও দুর্বল। এর ফলে অপরাধীরা অর্থপাচার এবং দুর্নীতির আশ্রয়স্থল হিসেবে এই পদ্ধতিকে ব্যবহার করছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, এমন ব্যাংকিং ব্যবস্থা বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।
তবে, বিষয়টি পুরোপুরি নেতিবাচক নয়। সঠিক নিয়ন্ত্রণ, স্বচ্ছতা এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অফশোর ব্যাংকিং বৈধতার পথে ফিরে আসতে পারে। সাম্প্রতিককালে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন- এফএটিএফ (FATF- Financial Action Task Force), করপোরেট গোপনীয়তা কমানোর পাশাপাশি কর্পোরেট জবাবদিহিতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে।
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতেও এ বিষয়ে সচেতনতা বাড়ছে। কর্পোরেট প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, তারা যেন বৈধ উপায়ে অফশোর অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং জাতীয় অর্থনীতির উন্নয়নে সহযোগী হন।
অতএব, উপরোক্ত বিশ্লেষণধর্মী আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, অফশোর ব্যাংকিং একটি দুধারী তলোয়ার- সঠিক ব্যবহারে এটি একটি শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার হতে পারে, আর অপব্যবহারে এটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে দুর্বল করতে পারে। সুতরাং সময় এসেছে এই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও স্বচ্ছতার আওতায় আনার।

