বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই পক্ষের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জেবিআইসির অবদান এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে উন্নয়ন ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে।
বৈঠকে বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়। জবাবে প্রতিষ্ঠানটির গভর্নর আমাকাওয়া কাজুহিকো প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।
বৈঠকটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাকে সামনে এনেছে।

