শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে ৩ হাজার কোটি টাকা ঋণ সুবিধা দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বুধবার (৪ নভেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত প্রতিষ্ঠানগুলো এ অর্থায়ন সুবিধা পাবে।
ঋণ কার্যক্রমের প্রথম ধাপে আটটি ব্যাংক মিলে সিটি গ্রুপকে মোট ১ হাজার ৭০০ কোটি টাকা দিচ্ছে। বাকি অর্থায়ন কীভাবে ও কোন পর্যায়ে দেওয়া হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
ঋণ সুবিধার আওতায় থাকা সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান হলো—সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ, সিটি এডিবল অয়েল, সিটি ডাল মিলস এবং শম্পা ফ্লাওয়ার মিলস।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে ঋণদাতা ব্যাংকগুলোর জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, ঋণ প্রদানকারী ব্যাংকগুলো এ অর্থায়নের জন্য সরকার কিংবা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। এ ঋণের দায়ভারও কেন্দ্রীয় ব্যাংক বহন করবে না।
এ ছাড়া ঋণের বিপরীতে কোনো বন্ধকি সম্পত্তি জামানত হিসেবে দিতে পারবে না সিটি গ্রুপ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ঋণের অর্থ দিয়ে কেনা পণ্য বিক্রির পর বিক্রয়লব্ধ অর্থের একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। এর মাধ্যমে ঋণ প্রদানকারী ব্যাংকগুলো যেন নিয়মিত কিস্তি আদায় করতে পারে, তা নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে।
নির্ধারিত শর্ত মেনেই সিটি গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে এ ঋণ সুবিধা দিতে হবে।

