চলতি অর্থবছরের আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা গত বছরের মতোই রেখেছে সরকার। তবে সংগ্রহ মূল্যে কিছুটা পরিবর্তন এসেছে। প্রতি কেজি ধানের দাম ১ টাকা বাড়ানো হয়েছে, আর সিদ্ধ ও আতপ উভয় চালের দাম কমানো হয়েছে ১ টাকা করে।
২০২৬-২৭ অর্থবছরে সরকার ৩ লাখ টন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল কিনবে। ধানের দাম ধরা হয়েছে কেজিপ্রতি ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে ধান এবং ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে। দুটি কার্যক্রমই চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, কৃষকের স্বার্থ, উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সংগ্রহ পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
মন্ত্রী জানান, কৃষকের উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য মুনাফা যোগ করে ধানের দাম নির্ধারণ করা হয়েছে, যাতে তাঁরা কোনোভাবে ক্ষতির মুখে না পড়েন। কৃষকের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
আফরোজা খানম আরও বলেন, কৃষক ঘোষিত লক্ষ্যমাত্রার বেশি ধান বিক্রি করতে চাইলে সরকার তা কিনতে প্রস্তুত। সংগ্রহের সীমার কারণে কোনো কৃষককে ফিরিয়ে দেওয়া হবে না এবং অতিরিক্ত ধান কেনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে কৃষি অর্থনীতিবিদ ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর আলম খান মনে করেন, এ মৌসুমে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম দুটিই আরও বেশি হওয়া উচিত ছিল। তার মতে, ডিজেল ও সারের দাম বাড়ায় উৎপাদন ব্যয় ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। কৃষকের ন্যায্য মুনাফা নিশ্চিত করতে ধানের দাম অন্তত ২ থেকে ৩ টাকা বাড়ানো দরকার ছিল।
তিনি আরও বলেন, সরকারের উচিত ছিল কৃষকের কাছ থেকে সরাসরি প্রায় ৫ লাখ টন ধান কেনার পরিকল্পনা করা। বেশি কিনলে বাজারদর সহায়তা পেত এবং কৃষকের আয় বাড়ত। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ায় ধান উৎপাদনকারী কৃষকের চেয়ে চালের সরবরাহকারীরাই বেশি লাভবান হবেন বলে মনে করেন তিনি।

