কৃষি খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ইউরিয়া, টিএসপি ও ডিএপি মিলিয়ে মোট ২ লাখ ৯৫ হাজার টন সার আমদানি ও ক্রয়ের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির ৫৩তম বৈঠকে আলাদা আলাদা প্রস্তাবে এ সুপারিশ করা হয়। কেনা হবে মোট ১ লাখ ৫৫ হাজার টন ইউরিয়া, ৮০ হাজার টন ডিএপি ও ৬০ হাজার টন টিএসপি।
কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এস.এ থেকে সরকারি পর্যায়ের (জিটুজি) চুক্তিতে দুই লটে মোট ৬০ হাজার টন টিএসপি আনা হবে। এর ১০ম লটের ৩০ হাজার টনের জন্য ব্যয় ধরা হয়েছে ২৪৪ কোটি ১৮ লাখ টাকা, টনপ্রতি দাম ৬৫৬.৬৭ ডলার। ১১তম লটের ৩০ হাজার টনের ব্যয় ২৪৪ কোটি ৯৪ লাখ টাকা, টনপ্রতি দাম ৬৫৬.৩৩ ডলার।
একই প্রতিষ্ঠান থেকে ঐচ্ছিক ৬ষ্ঠ লটের ৪০ হাজার টন ও নিশ্চিত ৮ম লটের ৪০ হাজার টন ডিএপি আমদানির প্রস্তাবও এসেছে। প্রতিটি চালানে ব্যয় হবে ৪২৩ কোটি ৭৯ লাখ টাকা, টনপ্রতি দাম ৮৫১.৬৭ ডলার।
শিল্প মন্ত্রণালয় সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে দুই লটে মোট ৮০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া আনার প্রস্তাব দিয়েছে। ৯ম লটের (ঐচ্ছিক প্রথম) ৪০ হাজার টনের ব্যয় ২১৪ কোটি টাকা, টনপ্রতি ৪৩২.৫০ ডলার। ১০ম লটের (ঐচ্ছিক দ্বিতীয়) ৪০ হাজার টনের ব্যয় ২১৪ কোটি ৪ লাখ টাকা, টনপ্রতি ৪৩০.৮৩ ডলার।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে ৪৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া কেনার সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ২৮৯ কোটি ৯৩ লাখ টাকা, টনপ্রতি দাম ৫১৯.১৭ ডলার।
দেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া কেনারও প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ টাকা। টনপ্রতি ৫ ডলার ব্যাগিং চার্জসহ দাম পড়বে ৪১০.৮৭৫ ডলার।
সূত্র: বাসস

