Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউরোপে পোশাকের বাজার কমেছে সামান্য, ক্ষতি বাংলাদেশের সবচেয়ে বেশি
    অর্থনীতি

    ইউরোপে পোশাকের বাজার কমেছে সামান্য, ক্ষতি বাংলাদেশের সবচেয়ে বেশি

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 16, 2026নভেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউরোপীয় ইউনিয়নের বাজারে চলতি বছরের প্রথম নয় মাসে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি উদ্বেগজনক হারে কমেছে। পুরো ইউরোপের পোশাক আমদানি যে পরিমাণ কমেছে, শুধু বাংলাদেশই হারিয়েছে তার চেয়ে বেশি রপ্তানি আয়। অথচ একই সময়ে চীন ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশ বাজারে নিজেদের অবস্থান আরও পোক্ত করেছে। এতে ইউরোপের বাজারে বাংলাদেশের হিস্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

    ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য নিয়ে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস একটি বিশ্লেষণ তৈরি করেছে। সেখানে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৯১ শতাংশ কমেছে। এই সময়ে রপ্তানির মোট মূল্য দাঁড়িয়েছে ১৩৪৮ কোটি ইউরোর কাছাকাছি, অর্থাৎ ১৩ দশমিক ৪৮ বিলিয়ন ইউরো। অন্যদিকে একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের মোট পোশাক আমদানি কমেছে মাত্র ২ দশমিক ৪৬ শতাংশ। এতে মোট আমদানির পরিমাণ হয়েছে ৭০ দশমিক ৭২ বিলিয়ন ইউরো।

    এই দুই হিসাবের ফারাকই পরিস্থিতির গভীরতা বুঝিয়ে দেয়। নয় মাসে বাংলাদেশ প্রায় ১ দশমিক ৮২ বিলিয়ন ইউরো মূল্যের রপ্তানি হারিয়েছে। আর পুরো ইউরোপের পোশাক আমদানি বাজার সংকুচিত হয়েছে ১ দশমিক ৭৮ বিলিয়ন ইউরো। অর্থাৎ বাজার যতটা ছোট হয়েছে, বাংলাদেশের ক্ষতি তার চেয়েও বেশি। ফলে ইউরোপের পোশাক বাজারে বাংলাদেশের অংশ আগের বছরের ২১ দশমিক ১০ শতাংশ থেকে নেমে এখন ১৯ দশমিক ০৬ শতাংশে ঠেকেছে।

    বছরের বিভিন্ন সময়ের চিত্র আলাদা করে দেখলে ওঠানামা স্পষ্ট হয়। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়টি ছিল সবচেয়ে খারাপ। তখন রপ্তানি কমেছিল ২০ দশমিক ৮৯ শতাংশ। মে থেকে আগস্টে পতনের হার নেমে আসে ১ দশমিক ২৫ শতাংশে, যা কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু সেপ্টেম্বরে আবার ধাক্কা আসে। ওই মাসে বাংলাদেশের রপ্তানি কমেছে ৯ দশমিক ৪৯ শতাংশ, যেখানে ইউরোপের সামগ্রিক আমদানি কমেছে ২ দশমিক ৭২ শতাংশ। অর্থাৎ বাংলাদেশের পতনের হার বাজারের গড় পতনের তিন গুণেরও বেশি। সেপ্টেম্বরে ইইউর মোট আমদানি কমার প্রায় ৬৯ শতাংশের জন্যই দায়ী বাংলাদেশের রপ্তানি হ্রাস।

    আয় কমার পেছনে দুটি কারণ একসঙ্গে কাজ করেছে। একদিকে রপ্তানির পরিমাণ কমেছে, অন্যদিকে পণ্যের দামও কমেছে। বিশ্লেষণ অনুযায়ী, এই সময়ে পোশাক রপ্তানির পরিমাণ কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ। প্রতি কেজি পোশাকের গড় দাম ৬ দশমিক ৫৪ শতাংশ কমে হয়েছে ১৩ দশমিক ৭০ ইউরো। ইউরোপীয় ইউনিয়নের গড় আমদানি মূল্য ১৯ দশমিক ৫৯ ইউরো। তুলনায় বাংলাদেশের পণ্যের দাম প্রায় ৩০ শতাংশ কম। এতে বোঝা যায়, বাংলাদেশ এখনো মূলত কম দামের পণ্যের সরবরাহকারী হিসেবেই পরিচিত।

    প্রতিযোগীদের চিত্র একেবারে উল্টো। ইউরোপের সবচেয়ে বড় পোশাক সরবরাহকারী চীন এ সময়ে আরও শক্তিশালী হয়েছে। দেশটির রপ্তানি আয় ৪ দশমিক ৪৬ শতাংশ বেড়ে হয়েছে ২৪ দশমিক ২৫ বিলিয়ন ইউরো। রপ্তানির পরিমাণও বেড়েছে ৬ দশমিক ৩৮ শতাংশ। ফলে ইউরোপের বাজারে চীনের হিস্যা ৩২ দশমিক ০২ শতাংশ থেকে বেড়ে ৩৪ দশমিক ২৯ শতাংশে উঠেছে।

    ভিয়েতনামের কৌশল কিছুটা ভিন্ন। দেশটির রপ্তানির পরিমাণ ৩ দশমিক ৫৫ শতাংশ কমেছে, কিন্তু পণ্যের গড় দাম বেড়েছে ৮ দশমিক ১৮ শতাংশ। এর ফলে তাদের রপ্তানি আয় ৪ দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৭ বিলিয়ন ইউরো। অর্থাৎ কম পরিমাণ পণ্য বিক্রি করেও বেশি আয় করেছে দেশটি। তবে সব প্রতিযোগী সমান সুবিধা পায়নি। ভারত, পাকিস্তান, তুরস্ক, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার রপ্তানি কমেছে ৮ দশমিক ৮ থেকে ১০ দশমিক ৭ শতাংশ পর্যন্ত।

    খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা এই পিছিয়ে পড়ার পেছনে একাধিক কারণ চিহ্নিত করেছেন। ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, বাংলাদেশ এখনো তুলাভিত্তিক পণ্যের ওপর বেশি নির্ভরশীল। অন্যদিকে বিশ্ববাজারে কৃত্রিম তন্তুর পোশাকের চাহিদা বাড়ছে। এই খাতে চীন ও ভিয়েতনাম বড় অবকাঠামো গড়ে তুলেছে। চীন থেকে সহজে কাপড় পাওয়ার সুবিধাও তাদের সরবরাহ ব্যবস্থাকে শক্ত করেছে। বাংলাদেশে এই খাতে বিনিয়োগ সীমিত হওয়ায় ইউরোপীয় ক্রেতাদের বৈচিত্র্যময় চাহিদা মেটানোর সক্ষমতাও কমে যাচ্ছে।

    তিনি আরও বলেন, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে পরিবেশবান্ধব উৎপাদন ও জ্বালানি নিরাপত্তা এখন বড় বিবেচনা। ক্রেতাদের আস্থা ধরে রাখতে হলে নেট-জিরো উৎপাদনের পথে বিশ্বাসযোগ্য অগ্রগতি দেখাতে হবে। একই সঙ্গে সাশ্রয়ী দামে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহও নিশ্চিত করতে হবে।

    স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলামের মতে, বাজার সংকুচিত হওয়ার চেয়ে বাংলাদেশের রপ্তানি কমার হার বেশি হওয়াটা প্রতিযোগিতা সক্ষমতা দুর্বল হওয়ারই লক্ষণ। তাঁর ভাষ্য, কোন দেশ থেকে পোশাক কেনা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় ক্রেতারা এখন দুটি বিষয় গুরুত্ব দিয়ে দেখছেন। প্রথমটি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রভাব। দ্বিতীয়টি ইউরোপের কঠোর ডিউ-ডিলিজেন্স বা যাচাই-বাছাইয়ের শর্ত।

    এ অবস্থায় শোভন ইসলাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দেন। পাশাপাশি সরবরাহ ব্যবস্থার উৎস শনাক্তকরণ এবং যাচাই-বাছাইয়ের শর্ত পূরণে রপ্তানিকারকদের প্রস্তুত করার ওপরও জোর দেন তিনি। তাঁর মতে, ব্যাংক ঋণের উচ্চ সুদ, মূলধনের সীমিত জোগান, ব্যয়বহুল জ্বালানি এবং গ্যাস ও ডিজেলের অনিয়মিত সরবরাহও উৎপাদকদের প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দিচ্ছে।

    গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, ভারত ও ভিয়েতনামের মতো আঞ্চলিক প্রতিযোগীরা মুক্ত বাণিজ্য চুক্তি করে এবং বৈশ্বিক বাজারের সঙ্গে নিজেদের আরও যুক্ত করে এগিয়ে যাচ্ছে। তাঁর মতে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতে হলে বাংলাদেশকে প্রথাগত পোশাক পণ্য ও চিরচেনা গন্তব্যের বাইরে আসতে হবে। এ জন্য রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, শক্তিশালী বাণিজ্য চুক্তি করা, উৎপাদনশীলতা ও লজিস্টিকস ব্যবস্থার উন্নতি ঘটানো এবং আরও প্রতিযোগিতামূলক বিনিময় হার নিশ্চিত করা দরকার।

    সব মিলিয়ে পরিসংখ্যান স্পষ্ট করছে, শুধু ইউরোপের ক্রেতাদের চাহিদা কমেছে বলে বাংলাদেশের এই পিছিয়ে পড়াকে ব্যাখ্যা করা যায় না। প্রতিযোগীরা যখন বাজারে উপস্থিতি বাড়াচ্ছে, তখন বাংলাদেশের হিস্যা হারানো একটি বড় সতর্কবার্তা। বিশ্বের অন্যতম বড় পোশাক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে হলে উৎপাদনের সীমাবদ্ধতা, জ্বালানি ও অর্থায়নের সংকট এবং বাণিজ্য সুবিধার ঘাটতি দ্রুত কাটিয়ে উঠতে হবে। না হলে ইউরোপের বাজারে বাংলাদেশের জায়গা আরও সংকুচিত হওয়ার ঝুঁকি থাকছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ২০৫০ সালে দেশে ভুট্টার চাহিদা ছাড়াতে পারে ১ কোটি ৭০ লাখ টন

    নভেম্বর 16, 2026
    অর্থনীতি

    টাকায় ঋণ দিতে চায় আইএফসি, অনুমতির অপেক্ষায়

    নভেম্বর 16, 2026
    অর্থনীতি

    এমএফএসে জিডিপির ১১% সমান লেনদেন, তবু টাকার আবর্তন গতি বাড়েনি যে কারণে

    নভেম্বর 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.