গত অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় ৩৫ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। চলতি অর্থবছরের প্রথম চার মাসেও রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। এত ডলার দেশে আসার পর স্বাভাবিকভাবেই মনে হতে পারে, অর্থনীতির বৈদেশিক মুদ্রার সংকট তো অনেকটাই কেটে যাওয়ার কথা। অথচ চলতি নভেম্বরেই বাংলাদেশ ব্যাংককে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে। খোলাবাজারে ডলারের দামও ১২৮ টাকার ওপরে উঠেছে। বিষয়টি কিছুটা ধাঁধার মতো: রেকর্ড পরিমাণ ডলার দেশে আসছে, তবু বাজারে চাপ কমছে না কেন?
এর উত্তর খুঁজতে হলে রেমিট্যান্সকে শুধু একটি বড় অঙ্ক হিসেবে দেখলে চলবে না। বরং দেখতে হবে, এই অর্থ দেশের অর্থনীতির চারটি গুরুত্বপূর্ণ জায়গায় কী ধরনের প্রভাব ফেলছে; মানুষের ব্যয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ডলারের বিনিময়মূল্য এবং পণ্যের দাম। এসব জায়গার যোগসূত্র বুঝলেই রেমিট্যান্সের প্রকৃত ভূমিকা স্পষ্ট হবে।
প্রবাসীর পাঠানো টাকা শেষ পর্যন্ত যায় কোথায়?
একটু কল্পনা করুন, সৌদি আরবে কাজ করা একজন প্রবাসী তাঁর গ্রামের বাড়িতে টাকা পাঠালেন। পরিবারের সদস্যরা সেই টাকা দিয়ে চাল, তেল ও ওষুধ কিনলেন, বাড়িভাড়া দিলেন, সন্তানের স্কুলের খরচ মেটালেন। যে দোকান থেকে পণ্য কেনা হলো, সেই দোকানির হাতে টাকা গেল। তিনি আবার নিজের প্রয়োজন মেটাতে সেই অর্থ ব্যয় করলেন। এভাবেই একজনের ব্যয় অন্যজনের আয়ে পরিণত হয়, আর সেই আয় আবার নতুন ব্যয় তৈরি করে। অর্থনীতিতে এই প্রক্রিয়াকে বলা হয় কেইনসের গুণক প্রভাব।
|
কোনো পরিবার যদি নিয়মিত প্রবাসী আয় পাওয়ার নিশ্চয়তা পায়, তাহলে তারা সেই অর্থকে সাময়িক প্রাপ্তি হিসেবে না দেখে নিয়মিত আয়ের অংশ হিসেবে বিবেচনা করতে শুরু করে। |
মিল্টন ফ্রিডম্যানের স্থায়ী আয় তত্ত্বও এখানে প্রাসঙ্গিক। কোনো পরিবার যদি নিয়মিত প্রবাসী আয় পাওয়ার নিশ্চয়তা পায়, তাহলে তারা সেই অর্থকে সাময়িক প্রাপ্তি হিসেবে না দেখে নিয়মিত আয়ের অংশ হিসেবে বিবেচনা করতে শুরু করে। ফলে জীবনযাত্রার মানও ধীরে ধীরে বাড়ে; হঠাৎ হাতে পাওয়া অর্থের মতো একবারে খরচ হয়ে যায় না। ইস্ট এশিয়া ফোরামের একটি আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হয়েছে, রেমিট্যান্সের বড় একটি অংশ ভোগে ব্যয় হয়। অন্যদিকে বিনিয়োগের উল্লেখযোগ্য অংশ যায় জমি ও আবাসন খাতে। এই ব্যয় নিঃসন্দেহে প্রবাসী পরিবারগুলোর জীবনমান উন্নত করে।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। দেশে মানুষের চাহিদা বাড়লেও সেই চাহিদা পূরণ করার মতো উৎপাদন সক্ষমতা একই গতিতে বাড়ছে না। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এখন মাত্র ৪ শতাংশের কাছাকাছি। অন্যদিকে, কারখানার যন্ত্রপাতি আমদানি টানা চার বছর ধরে কমছে। অর্থাৎ, মানুষের হাতে খরচ করার মতো অর্থ আসছে, কিন্তু নতুন কারখানা, উৎপাদন ও কর্মসংস্থান সেই অনুপাতে বাড়ছে না। বাংলাদেশ জ্বালানি থেকে শুরু করে ভোজ্যতেল পর্যন্ত অনেক পণ্যের জন্য আমদানির ওপর নির্ভরশীল। ফলে মানুষের বাড়তি ব্যয়ের একটি অংশ শেষ পর্যন্ত বিদেশি পণ্য আমদানিতে চলে যায়। এ কারণে রেমিট্যান্সের গুণক প্রভাব দেশের ভেতরে পুরোপুরি কাজে লাগানো কঠিন হয়ে পড়ে।
রিজার্ভ কি বাথটাব, নাকি ফুটো কলসি?
বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিষয়টি বোঝার জন্য একটি বাথটাবের কথা কল্পনা করা যায়। রেমিট্যান্স ও রপ্তানি আয় হলো কল দিয়ে টাবে ঢোকা পানি। অন্যদিকে আমদানির বিল পরিশোধ এবং বিদেশি ঋণ শোধ হলো পানি বেরিয়ে যাওয়ার পথ। রেমিট্যান্সের ডলার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এলে ব্যাংকগুলো সেই ডলার বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করতে পারে। বিনিময়ে বাংলাদেশ ব্যাংক স্থানীয় মুদ্রা দিয়ে ডলার কিনে রিজার্ভে জমা রাখে।
গত অর্থবছরে এভাবেই কেন্দ্রীয় ব্যাংক প্রায় ৬ বিলিয়ন ডলার কিনেছে। ফলে রিজার্ভে অর্থের পরিমাণ বেড়েছে। অথচ এর আগের তিন বছর পরিস্থিতি ছিল উল্টো। ২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। কিন্তু জ্বালানি, সার ও খাদ্য আমদানির বিল পরিশোধ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক পরবর্তী সময়ে রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করে।
|
রেমিট্যান্সের মাধ্যমে ডলার আসছে ঠিকই, কিন্তু আমদানি ও অন্যান্য বৈদেশিক দায় পরিশোধে সেই ডলারের বড় অংশ আবার বেরিয়েও যাচ্ছে। |
এখনকার পরিস্থিতি কী? ৯ নভেম্বরের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ, অর্থাৎ যেসব অর্থ তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যায় না সেগুলো বাদ দিলে, দাঁড়ায় ৩০ দশমিক ০৯ বিলিয়ন ডলার। গত ৫ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার ব্যয় হওয়ায় মোট রিজার্ভ এক ধাক্কায় ৩৬ বিলিয়ন ডলারের বেশি থেকে ৩৫ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। অর্থাৎ, রেমিট্যান্সের মাধ্যমে ডলার আসছে ঠিকই, কিন্তু আমদানি ও অন্যান্য বৈদেশিক দায় পরিশোধে সেই ডলারের বড় অংশ আবার বেরিয়েও যাচ্ছে।
রেকর্ড রেমিট্যান্স, তবু ডলারের দাম বাড়ছে কেন?
মজার বিষয় হলো, রেমিট্যান্সের এই প্রবাহ বাড়ার সময়েও ডলারের বিপরীতে টাকার বিনিময়মূল্য দীর্ঘদিন প্রায় একই জায়গায় ছিল। আগের সরকারের পতনের পর প্রায় দেড় বছর আন্তব্যাংক বাজারে ডলারের দাম ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে ছিল। এ সময় বাংলাদেশ ব্যাংক ডলার কিনছিল। এর একটি কারণ ছিল, টাকার দাম যেন খুব দ্রুত বেড়ে না যায়, সেটি নিশ্চিত করা।
এর পেছনে অর্থনীতির একটি পুরোনো ধারণা কাজ করে, যার নাম ‘ডাচ ডিজিজ’। ১৯৮২ সালে ডব্লিউ ম্যাক্স কর্ডেন ও জে পিটার নিয়ারি এই ধারণা ব্যাখ্যা করেন। এর মূল কথা হলো, কোনো দেশে বিদেশি মুদ্রার প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে স্থানীয় মুদ্রা শক্তিশালী হয়ে উঠতে পারে। এতে রপ্তানিকারকদের পণ্য আন্তর্জাতিক বাজারে তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়ে এবং প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। বাংলাদেশ ব্যাংক ডলার কিনে মূলত টাকার অতিরিক্ত মূল্যবৃদ্ধির সেই ঝুঁকি সামাল দেওয়ার চেষ্টা করছিল।
|
কোনো দেশে বিদেশি মুদ্রার প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে স্থানীয় মুদ্রা শক্তিশালী হয়ে উঠতে পারে; এতে রপ্তানিকারকদের পণ্য আন্তর্জাতিক বাজারে তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়ে এবং প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। |
তবে গত ২৮ জুন থেকে টাকার দর আবার দুর্বল হতে শুরু করেছে। ১২ নভেম্বর আন্তব্যাংক বাজারে ডলারের গড় বিনিময়মূল্য দাঁড়ায় ১২৪ টাকা ৭৫ পয়সায়। ওই দিন বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে প্রায় ২০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে। সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রির পরিমাণ প্রায় ৪২০ মিলিয়ন ডলার।
এর কারণ বুঝতে হলে ডলারের বাজারে চাহিদা ও জোগানের হিসাবটি দেখতে হবে। জোগানের দিকে রেমিট্যান্স টানা পাঁচ মাস ধরে মাসে ৩ বিলিয়ন ডলারের নিচে রয়েছে। রপ্তানি আয়ও গত অর্থবছরে প্রায় একই জায়গায় আটকে ছিল। অন্যদিকে ডলারের চাহিদা বাড়ছে, বিশেষ করে জ্বালানি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং রমজানের আগে খাদ্যপণ্য আমদানির কারণে।
গত অর্থবছরে দেশের আমদানি ব্যয় ছিল ৭১ বিলিয়ন ডলারের বেশি, বিপরীতে রপ্তানি আয় ছিল প্রায় ৪৪ বিলিয়ন ডলার। ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় প্রায় ২৭ দশমিক ৩ বিলিয়ন ডলারে। এখানেই রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা বোঝা যায়। প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ এই বাণিজ্য ঘাটতির চেয়ে প্রায় ৮ বিলিয়ন ডলার বেশি ছিল। এ কারণেই চলতি হিসাবের ঘাটতি দেড় বিলিয়ন ডলারের কিছু বেশি পর্যায়ে সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। একই সঙ্গে সামগ্রিক লেনদেন ভারসাম্যে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। অর্থাৎ, রেমিট্যান্স না থাকলে বৈদেশিক লেনদেনের এই চাপ সামাল দেওয়া অনেক কঠিন হতো।
ডলার থেকে টাকা, টাকা থেকে পণ্যের দাম
এবার আসা যাক সবচেয়ে স্পর্শকাতর বিষয়ে; মূল্যস্ফীতি। কেন্দ্রীয় ব্যাংক যখন বাজার থেকে রেমিট্যান্সের ডলার কেনে, তখন বিনিময়ে স্থানীয় মুদ্রা ছাড়ে। এর ফলে অর্থনীতিতে টাকার জোগান বাড়ে। এ প্রসঙ্গে মিল্টন ফ্রিডম্যানের বহুল আলোচিত বক্তব্যটি মনে করা যেতে পারে: মূল্যস্ফীতি সব সময় এবং সব জায়গায় একটি মুদ্রাসংক্রান্ত ঘটনা। তাঁর যুক্তি ছিল, উৎপাদনের তুলনায় টাকার জোগান দ্রুত বাড়তে থাকলে পণ্যের দাম বাড়ার চাপ তৈরি হয়।
বাংলাদেশের মূল্যস্ফীতির চিত্র অবশ্য এত সরল নয়। অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে, যা গত ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন। বিপরীতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ৪১ মাসের মধ্যে সর্বোচ্চ। পরিবহন, শিক্ষা ও চিকিৎসার খরচ বাড়ছে। একই সঙ্গে জ্বালানির দামও মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব মুদ্রানীতি পর্যালোচনাতেও বলা হয়েছে, দেশীয় ও বৈশ্বিক; দুই ধরনের কারণই মূল্যস্ফীতি বাড়িয়েছে। তাই মূল্যস্ফীতির জন্য শুধু রেমিট্যান্সকে দায়ী করা ঠিক হবে না।
তবে রেমিট্যান্সের সঙ্গে মূল্যস্ফীতির সম্পর্ক একেবারে নেই, এমনটিও নয়। এখানে মূলত দুটি পথে চাপ তৈরি হতে পারে। প্রথমত, চাহিদার মাধ্যমে। মানুষের হাতে অতিরিক্ত অর্থ এলে তারা পণ্য ও সেবা কেনার পরিমাণ বাড়াতে পারে। কিন্তু সেই বাড়তি চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন না বাড়লে পণ্যের দাম বেড়ে যায়। দ্বিতীয়ত, আমদানির খরচের মাধ্যমে। ডলারের দাম ১ টাকা বাড়লে আমদানি করা জ্বালানি ও কাঁচামালের খরচও বাড়ে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাও সতর্ক করেছেন, ডলারের দাম বেশি বাড়লে মূল্যস্ফীতির ওপর আরও চাপ তৈরি হতে পারে।
|
বর্তমানে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৬৩ শতাংশ, যা মূল্যস্ফীতির চেয়ে কম; টানা ৫৭ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে রয়েছে। |
এই চাপের প্রভাব সবচেয়ে বেশি পড়ে সাধারণ শ্রমজীবী মানুষের ওপর। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৬৩ শতাংশ, যা মূল্যস্ফীতির চেয়ে কম। টানা ৫৭ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে রয়েছে। যেসব পরিবারের কাছে নিয়মিত প্রবাসী আয় আসে, তারা বাড়তি অর্থের মাধ্যমে এই চাপ কিছুটা সামাল দিতে পারে। কিন্তু যেসব পরিবারের এমন আয়ের উৎস নেই, তাদের জন্য বাজারের বাড়তি খরচ সামলানো আরও কঠিন হয়ে পড়ে। এভাবে রেমিট্যান্স একদিকে যেমন পরিবারগুলোর আর্থিক সুরক্ষা বাড়ায়, অন্যদিকে সমাজে আয়ের ভিত্তিতে একটি ব্যবধানও তৈরি করতে পারে; এমন যুক্তি দিয়েছেন অনেক বিশ্লেষক।
তাহলে রেমিট্যান্স আসলে কী; ইঞ্জিন, নাকি কুশন?
সব দিক বিবেচনায় আমার পর্যবেক্ষণ হলো, রেমিট্যান্স দেশের অর্থনীতির বড় একটি কুশনের মতো। কুশন ধাক্কা সামলায়, কিন্তু নিজে গাড়ি চালায় না। রেমিট্যান্স দেশের রিজার্ভ বাড়াতে সাহায্য করেছে, চলতি হিসাবের ঘাটতি সামলেছে এবং লাখ লাখ পরিবারের জীবনযাত্রায় স্বস্তি এনেছে। এগুলো নিঃসন্দেহে বড় অর্জন। কিন্তু একই সময়ে রপ্তানি আয় প্রায় একই জায়গায় আটকে আছে, বিনিয়োগে গতি নেই এবং আমদানি ব্যয় বাড়ছে। ফলে শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদে অর্থনীতির কাঠামোগত সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়।
রেমিট্যান্সের উৎসের ক্ষেত্রেও কিছু ঝুঁকি রয়েছে। মোট রেমিট্যান্সের প্রায় ২০ শতাংশ আসে সৌদি আরব থেকে। অক্টোবরে সেখানে হামলার খবর ছড়িয়ে পড়ার পর প্রবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও রেমিট্যান্স প্রবাহ বেড়েছে; এটি স্বস্তির খবর। তবে একটি দেশের ওপর এতটা নির্ভরশীল থাকা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে।
এ মুহূর্তে আমি তিনটি বিষয়ের দিকে নজর রাখছি। প্রথমত, জ্বালানি আমদানির বিল এবং কেন্দ্রীয় ব্যাংকের ডলার নিলামের পরিমাণ কত দিন এভাবে চলতে থাকে। দ্বিতীয়ত, মাসিক রেমিট্যান্স আবার ৩ বিলিয়ন ডলার ছাড়ায় কি না। তৃতীয়ত, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধির চেয়ে কত দ্রুত বাড়ছে।
রেমিট্যান্স বাড়লে দেশে ডলারের সরবরাহ বাড়ে, এটি সহজ হিসাব। কিন্তু সেই ডলার দিয়ে আমরা কী তৈরি করছি, কোথায় বিনিয়োগ করছি এবং উৎপাদন সক্ষমতা কতটা বাড়াতে পারছি, সেটিই বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে, রেমিট্যান্সের বর্তমান রেকর্ড ভবিষ্যৎ অর্থনীতিকে কতটা বদলাতে পারবে, নাকি কেবল সাময়িকভাবে সংকট সামাল দিয়েই এর ভূমিকা শেষ হবে।

